
বিশ্ববাজারে জ্বালানির সরবরাহ ও দামের চাপ কমাতে জরুরি মজুত থেকে আগামী চার মাসে ১০ কোটি ব্যারেল পর্যন্ত ডিজেল ও অপরিশোধিত তেল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে জি-৭। আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (আইইএ) সমন্বয়ে এ সরবরাহ কার্যক্রম অবিলম্বে শুরু হবে।
শুক্রবার (২ অক্টোবর) জি-৭ নেতাদের ভার্চুয়াল বৈঠকের পর ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর কার্যালয় থেকে প্রকাশিত যৌথ বিবৃতিতে এ সিদ্ধান্ত জানানো হয়। চার মাসের মধ্যে ১০ কোটি ব্যারেল জ্বালানি বাজারে ছাড়ার পরিকল্পনা করা হয়েছে। এর একটি বড় অংশ ডিজেল হিসেবে প্রথম ২০ দিনের মধ্যেই বাজারে আনার উদ্যোগ নেওয়া হবে।
জি-৭ জানিয়েছে, জোটের সদস্য ও অংশীদার দেশগুলো জ্বালানি মজুত থেকে সমন্বিতভাবে সরবরাহ করবে এবং আইইএ পুরো কার্যক্রমের বাস্তবায়ন ও প্রভাব পর্যবেক্ষণ করবে। প্রয়োজনে পরবর্তী সময়ে আরও ডিজেল বাজারে ছাড়ার বিষয়েও আলোচনা করা হবে।
জ্বালানি বাজারে আরও অস্থিরতা তৈরি হতে পারে—এমন রপ্তানি নিষেধাজ্ঞা থেকে বিরত থাকার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেছে জি-৭। সদস্য দেশগুলোর মধ্যে জ্বালানি ও জ্বালানি পণ্যের রপ্তানিতে কোনো নিষেধাজ্ঞা বা সীমাবদ্ধতা আরোপ না করার কথা জানিয়েছে জোট। একই সঙ্গে অন্যান্য উৎপাদনকারী দেশগুলোকেও বাজারে চাপ বাড়াতে পারে এমন পদক্ষেপ এড়িয়ে চলার আহ্বান জানানো হয়েছে।
এ ছাড়া জি-৭ভুক্ত দেশগুলো পরিশোধনাগারগুলোর রক্ষণাবেক্ষণ কার্যক্রম সমন্বয়ের মাধ্যমে একই সময়ে একাধিক পরিশোধনাগার বন্ধ হয়ে যাওয়া ঠেকানোর উদ্যোগ নিয়েছে। সম্ভব হলে পরিশোধনাগারগুলোর উৎপাদন সক্ষমতার ব্যবহার সাময়িকভাবে বাড়ানোর বিষয়েও সম্মত হয়েছে তারা।
জ্বালানির মূল্য নিয়ে সাধারণ মানুষের উদ্বেগকে গুরুত্ব দেওয়ার কথা জানিয়ে জি-৭ নেতারা বলেছেন, পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে। প্রয়োজন হলে বাজার স্থিতিশীল রাখতে সমন্বিতভাবে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনার পর জি-৭ নেতাদের নিয়ে জরুরি ভার্চুয়াল বৈঠক ডাকেন ম্যাক্রোঁ। এতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, জার্মানি, ইতালি ও জাপানের প্রতিনিধিরা অংশ নেন। বৈঠকে বৈশ্বিক জ্বালানি নিরাপত্তা ও বাজারের স্থিতিশীলতা নিয়ে আলোচনা হয়।
আইইএ জানিয়েছে, মধ্যপ্রাচ্যের জ্বালানি সরবরাহ পরিস্থিতি এবং বিশেষ করে ডিজেলের বাজারে চাপ এখনো তীব্র। সংস্থাটি জি-৭ দেশগুলোর সঙ্গে সমন্বয় করে বাজারে জ্বালানি সরবরাহ ও স্থিতিশীলতা বজায় রাখতে কাজ করবে।