
শিক্ষার্থীদের মধ্যে মাদকাসক্তি ও জুয়া খেলার প্রবণতা প্রতিরোধে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নিরাপদ ও সুস্থ শিক্ষার পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি শিক্ষার্থীদের মাদক ও জুয়া-সংক্রান্ত কর্মকাণ্ড থেকে দূরে রাখার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। মন্ত্রণালয়ের উপপ্রধান জনসংযোগ কর্মকর্তা (তথ্য অফিসার) ফয়সল হাসান বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন।
তবে কমিটিগুলো কবে নাগাদ গঠন করা হবে এবং এতে কারা থাকবেন, সে বিষয়ে বিজ্ঞপ্তিতে বিস্তারিত জানানো হয়নি।
সাম্প্রতিক সময়ে মাদক ও জুয়াকে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ সমস্যা হিসেবে চিহ্নিত করে এসব অপরাধ প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার সুপারিশ করেছে জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। এর পরিপ্রেক্ষিতেই শিক্ষাপ্রতিষ্ঠানকেন্দ্রিক এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
শিক্ষাপ্রতিষ্ঠানে মাদকবিরোধী সচেতনতা বাড়াতে এর আগেও বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। ২০২৫ সালে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাদকের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতন করতে তথ্যচিত্র ও বিষয়ভিত্তিক গান প্রদর্শনের নির্দেশ দিয়েছিল মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর।
এ ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে নজরদারি ও সচেতনতা কার্যক্রম আরও জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। নতুন কমিটি গঠনের মাধ্যমে এসব কার্যক্রমকে প্রাতিষ্ঠানিকভাবে আরও সমন্বিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে মাদক ও জুয়া প্রতিরোধে সচেতনতা, নজরদারি এবং প্রতিরোধমূলক কার্যক্রম পরিচালনায় এসব কমিটি কাজ করবে। তবে কমিটির কাঠামো, দায়িত্ব ও কার্যক্রমের বিস্তারিত নির্দেশনা পরবর্তী সময়ে জানানো হবে।