
উদ্বোধনী ম্যাচে মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হেরে ফিফা আসিয়ান কাপ ২০২৬-এর যাত্রা শুরু করেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল।
শুক্রবার ইন্দোনেশিয়ার জাকার্তার বিখ্যাত গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে ‘গ্রুপ এ’-এর ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে বাংলাদেশকে চাপে রাখে মালয়েশিয়া। ম্যাচের চতুর্থ মিনিটে কর্নার থেকে আসা বিপজ্জনক আক্রমণ ঠেকিয়ে দেন বাংলাদেশের গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ।
তবে ১৮তম মিনিটে আরিফ আইমানের গোলে এগিয়ে যায় মালয়েশিয়া। মিডফিল্ড থেকে পাওয়া পাস ধরে বক্সে ঢুকে নিখুঁত শটে শ্রাবণকে পরাস্ত করেন এই উইঙ্গার।
৩৮তম মিনিটে বাংলাদেশের ডিফেন্ডার শাকিল আহাদ তপুর ভুল পাসের সুযোগ কাজে লাগিয়ে নিজের দ্বিতীয় গোল করেন আরিফ। ফলে ২-০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ।
দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও মালয়েশিয়ার রক্ষণে কার্যকর চাপ তৈরি করতে পারেনি থমাস ডুলির দল। ৫২তম মিনিটে ফরোয়ার্ড বার্গসনের চমৎকার ফিনিশিংয়ে তৃতীয় গোল পায় মালয়েশিয়া।
বাকি সময়ে গোলের ব্যবধান কমানোর মতো কার্যকর আক্রমণ গড়ে তুলতে ব্যর্থ হয় বাংলাদেশ। শেষ পর্যন্ত ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে মালয়েশিয়া।
আসিয়ান কাপে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে আগামী ২৮ সেপ্টেম্বর একই ভেন্যুতে সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ।