
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং কমিউনিকেশন ক্লাবের আয়োজনে দেশের অন্যতম প্রতিযোগিতামূলক বিজনেস স্ট্র্যাটেজি কম্পিটিশন ‘বিজস্টার সিজন ভি’-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের বিবিএ অডিটোরিয়ামে জমকালো আয়োজনের মধ্য দিয়ে প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ফ্যাকাল্টির ডিন প্রফেসর ড. মোহাম্মদ সালেহ জহুর এবং অ্যাকাউন্টিং বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো. সেলিম উদ্দিন।
এ ছাড়া উপস্থিত ছিলেন অ্যাকাউন্টিং কমিউনিকেশন ক্লাবের ফ্যাকাল্টি অ্যাডভাইজর প্রফেসর ড. মোহাম্মদ মোরশেদুর রহমান, কো-ফ্যাকাল্টি অ্যাডভাইজর সহযোগী অধ্যাপক রুমানা আক্তারসহ বিভাগের অন্যান্য শিক্ষক।
আড়াই লাখ টাকার প্রাইজপুলের এ প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্তের শীর্ষ বিশ্ববিদ্যালয় থেকে বাছাই করা সেরা ছয়টি দল গ্র্যান্ড ফিনালেতে প্রতিদ্বন্দ্বিতা করে। ফাইনাল রাউন্ডে দলগুলো তাদের কৌশলগত চিন্তাভাবনা, বিশ্লেষণাত্মক দক্ষতা ও উদ্ভাবনী ধারণা উপস্থাপন করে।
চূড়ান্ত পর্বে প্রতিযোগীদের মূল্যায়ন করেন দেশের করপোরেট অঙ্গনের বিশিষ্ট ব্যক্তি ও অভিজ্ঞ পেশাজীবীদের সমন্বয়ে গঠিত জাজ প্যানেল। বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন রেকিত-এর সাপ্লাই ডিরেক্টর মোহাম্মদ জিয়া উদ্দিন, শুন শিং সিমেন্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের মার্কেটিং, সেলস অ্যান্ড ডিস্ট্রিবিউশনের সিনিয়র জেনারেল ম্যানেজার এ বি এম ইফতেখেল আলম সিদ্দিকী এবং কেডিএস আরএমজি সলিউশনের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার আসিফ মো. তানভীর হোসাইন (এফসিএ)।
প্রতিযোগিতায় টাইটেল স্পন্সর হিসেবে ছিল প্রেসিডেন্সি ইউনিভার্সিটি। পাওয়ার্ড বাই স্পন্সর ছিল কেডিএস গ্রুপ এবং কো-স্পন্সর হিসেবে যুক্ত ছিল সেভেন রিংস সিমেন্ট ও ডিডিএন।
তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল রাউন্ডে শ্রেষ্ঠত্ব অর্জন করে চ্যাম্পিয়ন হয় ‘দি ল্যানিস্টার’ দল। বিজয়ী দল প্রাইজমানি হিসেবে পেয়েছে ১ লাখ টাকা।
প্রথম রানার্স-আপ ‘এক্সিট স্ট্র্যাটেজি’ দল পেয়েছে ৭০ হাজার টাকা এবং দ্বিতীয় রানার্স-আপ ‘হেইট অর গ্লোরি’ দল পেয়েছে ৫০ হাজার টাকা। এ ছাড়া ফাইনালে অংশ নেওয়া বাকি দলগুলোর প্রত্যেককে ১০ হাজার টাকা করে প্রাইজমানি দেওয়া হয়।
মেধা, কৌশল ও উদ্ভাবনী চিন্তার অনন্য প্রদর্শনের মধ্য দিয়ে বর্ণাঢ্য আয়োজনের সমাপ্তি ঘটে ‘বিজস্টার সিজন ভি’-এর।