
বাংলাদেশি পর্যটকদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা (এমইভি) সুবিধা সীমিত করেছে মালয়েশিয়া। বাংলাদেশসহ দক্ষিণ এশিয়া ও আফ্রিকার ৩১টি দেশের নাগরিকদের জন্য এ সুবিধা আর আগের মতো প্রযোজ্য হবে না।
ফলে বাংলাদেশ থেকে ভিজিট ভিসায় মালয়েশিয়া ভ্রমণের ক্ষেত্রে এক বছরের মাল্টিপল এন্ট্রি ভিসা পাওয়ার সুযোগ কমে যাবে। নতুন ব্যবস্থায় বাংলাদেশি পর্যটকদের জন্য সাধারণত সিঙ্গেল এন্ট্রি ভিসাই প্রযোজ্য হবে।
মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের এক ঘোষণায় বলা হয়েছে, ১ সেপ্টেম্বর ২০২৬ থেকে মাল্টিপল এন্ট্রি ভিসা আর ঢালাওভাবে সব দেশের নাগরিকদের দেওয়া হবে না।
তবে নির্দিষ্ট কিছু ভ্রমণ উদ্দেশ্যে মাল্টিপল এন্ট্রি ভিসা দেওয়া হবে। এর মধ্যে রয়েছে ব্যবসায়িক ভ্রমণ, চিকিৎসা, ‘ফ্লাই অ্যান্ড ক্রুজ’ এবং ওয়েডিং ট্যুরিজম।
মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের প্রকাশিত তালিকায় যেসব দেশের নাগরিকদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসার পরিবর্তে সিঙ্গেল এন্ট্রি ভিসা প্রযোজ্য করা হয়েছে, সেখানে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়া ও আফ্রিকার মোট ৩১টি দেশ রয়েছে।
ইমিগ্রেশন বিভাগের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, নতুন নীতিটি মূলত ভিজিট ভিসা বা সামাজিক ভ্রমণের ক্ষেত্রে প্রযোজ্য। এর সঙ্গে মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি বা অন্যান্য বিদেশি কর্মীদের ওয়ার্ক পারমিট কিংবা কর্মসংক্রান্ত ভিসার সরাসরি কোনো সম্পর্ক নেই।
নতুন নীতির ফলে বাংলাদেশি পর্যটকদের মালয়েশিয়া ভ্রমণে ভিসার ধরনে পরিবর্তন আসবে। তবে ব্যবসা, চিকিৎসা, ফ্লাই অ্যান্ড ক্রুজ ও ওয়েডিং ট্যুরিজমের মতো নির্দিষ্ট উদ্দেশ্যে মাল্টিপল এন্ট্রি ভিসার সুযোগ থাকছে।