1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন

জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

দেশে জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। নতুন দামে সোমবার (২১ সেপ্টেম্বর) থেকে ডিজেল ও কেরোসিন ১৩৫ টাকা, পেট্রল ১৬০ টাকা এবং অকটেন ১৬৫ টাকা লিটারে বিক্রি হবে।

রোববার (২০ সেপ্টেম্বর) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

এর আগে দেশে ডিজেল ১১৫ টাকা, কেরোসিন ১৩৫ টাকা, পেট্রল ১৪০ টাকা এবং অকটেন ১৪৫ টাকা লিটারে বিক্রি হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে মার্চ থেকে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ও ফ্রেইট চার্জ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তবে জনস্বার্থ বিবেচনায় আন্তর্জাতিক বাজারের পুরো মূল্য দেশে সমন্বয় করা হয়নি। এতে মার্চ থেকে আগস্ট পর্যন্ত বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) প্রায় ২২ হাজার ৮৭৫ কোটি ৬৬ লাখ টাকা লোকসান হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, বর্তমান আন্তর্জাতিক বাজারদর অনুযায়ী ডিজেল বিক্রিতে প্রতি লিটারে বিপিসির লোকসান প্রায় ৮৯ টাকা। এতে প্রতিদিন লোকসানের পরিমাণ দাঁড়াচ্ছে প্রায় ১০৯ কোটি টাকা।

ডিজেলের দাম লিটারে ২০ টাকা বাড়ানো হলে বছরে বিপিসির লোকসান প্রায় ১০ হাজার কোটি টাকা কমতে পারে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

এর আগে গত ১৯ এপ্রিল ডিজেলের দাম লিটারে ১৫ টাকা বাড়িয়ে ১১৫ টাকা করা হয়েছিল। একই সময়ে কেরোসিন, পেট্রল ও অকটেনের দামও বাড়ানো হয়। পরে জুন মাসে কেরোসিন, পেট্রল ও অকটেনের দাম আরও ৫ টাকা করে বাড়ানো হয়েছিল।

নতুন দাম কার্যকর হলে পরিবহন ও কৃষি খাতে ব্যয় বাড়ার পাশাপাশি পণ্য পরিবহনের খরচও বাড়তে পারে। এর ফলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারেও মূল্যবৃদ্ধির প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page