
দেশের অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার অগ্রযাত্রার অন্যতম পথিকৃৎ, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রকাশক ও প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে Media71 পরিবার।
শুক্রবার (২ অক্টোবর) লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বিশিষ্ট এই সাংবাদিক। তাঁর বয়স হয়েছিল ৫৯ বছর। মস্তিষ্কে রক্তক্ষরণের পর তাঁকে হাসপাতালে নেওয়া হয়েছিল। স্থানীয় সময় শুক্রবার বেলা ২টা ২৩ মিনিটে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
তৌফিক ইমরোজ খালিদী বাংলাদেশের সাংবাদিকতা ও গণমাধ্যম অঙ্গনের একজন পরিচিত ও গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ছিলেন। ২০০৬ সাল থেকে মৃত্যুর আগ পর্যন্ত তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁর নেতৃত্বে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম দেশের ডিজিটাল সংবাদসেবার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
১৯৮৯ সালে সাংবাদিকতা শুরু করা তৌফিক ইমরোজ খালিদী বিভিন্ন গণমাধ্যমে কাজ করেছেন। পরবর্তী সময়ে তিনি বিবিসিতেও উপস্থাপক, প্রযোজক ও সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। দেশ-বিদেশে সাংবাদিকতা ও গণমাধ্যম বিষয়ে প্রশিক্ষণও নিয়েছেন তিনি।
তাঁর মৃত্যুতে বাংলাদেশের সাংবাদিকতা ও গণমাধ্যম অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন এবং তাঁর কর্মময় জীবনের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।
তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে Media71 পরিবার গভীরভাবে শোকাহত ও মর্মাহত। তাঁর শোকসন্তপ্ত পরিবার, স্বজন, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি জানানো হচ্ছে আন্তরিক সমবেদনা।
মহান আল্লাহ তাঁকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং তাঁর পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দান করুন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
— Media71 পরিবার