
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজের সংখ্যা বাড়লেও শিক্ষার মান কতটা উন্নত হয়েছে, তা নিয়ে প্রশ্ন রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ফ্যাসিবাদের সময়ে দেশের অন্যান্য খাতের মতো শিক্ষাব্যবস্থাকেও ধ্বংস করে দেওয়া হয়েছিল। এখন সবাইকে নিয়ে শিক্ষাব্যবস্থা নতুন করে ঢেলে সাজাতে হবে।
শনিবার (২৮ নভেম্বর) সকালে রাজধানীর মিরপুরের সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর অধ্যক্ষ সম্মিলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সম্মিলনে শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন, প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি এবং উচ্চশিক্ষার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।
প্রধানমন্ত্রী বলেন, ১৯৯২ সালের ২১ অক্টোবর সাবেক প্রধানমন্ত্রী মরহুম খালেদা জিয়া শহর ও গ্রামের মানুষের জন্য উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টির লক্ষ্যে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন। বর্তমানে বিশ্ববিদ্যালয়টির অধিভুক্ত কলেজের সংখ্যা প্রায় আড়াই হাজার। প্রতিষ্ঠার পর কলেজ ও শিক্ষার্থীর সংখ্যা বাড়ার পাশাপাশি উচ্চশিক্ষার সুযোগও সম্প্রসারিত হয়েছে। তবে এই সম্প্রসারণের সঙ্গে শিক্ষার মান কতটা বেড়েছে, তা মূল্যায়ন করা জরুরি।
তিনি বলেন, শুধু প্রাতিষ্ঠানিক বা একাডেমিক শিক্ষা অর্জন করলেই চলবে না; এর পাশাপাশি ব্যবহারিক ও কারিগরি জ্ঞান এবং কর্মক্ষেত্রের উপযোগী দক্ষতা অর্জন করতে হবে। এসব দক্ষতার ঘাটতি শিক্ষিত জনগোষ্ঠীর মধ্যে বেকারত্ব বাড়ার অন্যতম কারণ। চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় গতানুগতিক শিক্ষাব্যবস্থা থেকে বেরিয়ে এসে প্রযুক্তিনির্ভর, উদ্ভাবনমুখী, দক্ষতাভিত্তিক ও কর্মসংস্থান উপযোগী শিক্ষাব্যবস্থা গড়ে তোলার বিকল্প নেই।
অধ্যক্ষদের ভূমিকার গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত দুই হাজার ৩০০-এর বেশি কলেজের অধ্যক্ষরা দেশের বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। তারা শুধু প্রতিষ্ঠানের প্রশাসনিক প্রধান নন; বরং একাডেমিক নেতৃত্ব, নৈতিক দিকনির্দেশনা এবং ভবিষ্যৎ প্রজন্ম গড়ার অন্যতম কারিগর। তাদের মেধা, যোগ্যতা, সিদ্ধান্ত ও দূরদর্শিতার ওপর শিক্ষার্থীদের ভবিষ্যৎ অনেকাংশে নির্ভর করে।
শিক্ষাব্যবস্থার আধুনিকায়নে শিক্ষক প্রশিক্ষণের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, প্রযুক্তিনির্ভর ও যুগোপযোগী শিক্ষার সঙ্গে শিক্ষকদের আরও কার্যকরভাবে সম্পৃক্ত করতে প্রশিক্ষণের বিকল্প নেই। প্রচলিত শিক্ষককেন্দ্রিক পদ্ধতির পরিবর্তে শিক্ষার্থীকেন্দ্রিক ও গবেষণাভিত্তিক শিক্ষাদান পদ্ধতি চালু করতে প্রয়োজনে ‘ট্রেন দ্য ট্রেইনার’ কর্মসূচি কার্যকর ভূমিকা রাখতে পারে।
চতুর্থ শিল্পবিপ্লবের প্রযুক্তিগত পরিবর্তনের প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিকস, বিগ ডেটা, ইন্টারনেট অব থিংস, ব্লকচেইন, অটোমেশন, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, বায়োটেকনোলজি, সাইবার নিরাপত্তা ও পঞ্চম প্রজন্মের ওয়্যারলেস প্রযুক্তি ভবিষ্যতের কর্মজগৎকে দ্রুত পরিবর্তন করছে। এসব প্রযুক্তির কারণে অনেক প্রচলিত পেশা বিলুপ্ত হওয়ার ঝুঁকিতে পড়ছে। একই সঙ্গে সৃষ্টি হচ্ছে নতুন নতুন কর্মসংস্থানের ক্ষেত্র।
তিনি বলেন, বিশ্বের অর্ধেক মানুষ এখনো তৃতীয় শিল্পবিপ্লবের সুবিধা পুরোপুরি ভোগ করতে পারেনি। এরই মধ্যে বিশ্ব চতুর্থ শিল্পবিপ্লবের যুগে প্রবেশ করেছে। শিক্ষা মানুষকে শক্তি দেয়, আর সুনির্দিষ্ট লক্ষ্য সেই শক্তিকে সাফল্যে রূপান্তরিত করে। অর্জিত জ্ঞানকে কর্মক্ষেত্রের উপযোগী দক্ষতায় পরিণত করাই সাফল্যের অন্যতম শর্ত। এ জন্য শিল্পপ্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সমন্বয় বা ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সহযোগিতা জরুরি।
প্রধানমন্ত্রী বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান জ্ঞানের ভিত্তি তৈরি করবে, শিল্পখাত সেই জ্ঞানকে বাস্তব দক্ষতায় রূপান্তর করবে। আর শিক্ষার্থীরা হয়ে উঠবে ভবিষ্যতের উদ্ভাবক, উদ্যোক্তা ও অর্থনৈতিক উন্নয়নের চালিকাশক্তি। শ্রেণিকক্ষ হবে জ্ঞান ও উদ্ভাবনের কেন্দ্র, গবেষণাগার হবে নতুন সম্ভাবনা উন্মোচনের ক্ষেত্র এবং শিল্পপ্রতিষ্ঠান হবে অর্জিত জ্ঞানকে বাস্তব অভিজ্ঞতায় রূপ দেওয়ার কার্যকর পাঠশালা।
এ লক্ষ্যে শিক্ষার্থীদের ইন্টার্নশিপ, শিল্পপ্রতিষ্ঠানে সংযুক্তি এবং হাতে-কলমে কাজ শেখার সুযোগ বাড়াতে উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান তিনি। এতে শিক্ষার্থীরা পড়াশোনা শেষ হওয়ার আগেই কর্মক্ষেত্র সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা ও প্রয়োজনীয় দক্ষতা অর্জন করতে পারবেন। পাশাপাশি চাকরির অপেক্ষায় না থেকে উদ্যোক্তা হিসেবে নিজেদের কর্মসংস্থান তৈরির পাশাপাশি অন্যদের জন্যও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারবেন।
প্রধানমন্ত্রী আরও বলেন, আধুনিক প্রযুক্তিগত দক্ষতার পাশাপাশি শিক্ষার্থীদের মানবিক শিক্ষা ও নৈতিক মূল্যবোধের বিকাশ ঘটাতে হবে। শিক্ষাকে শুধু চাকরি পাওয়ার প্রস্তুতির মধ্যে সীমাবদ্ধ রাখা যাবে না। সাহিত্য, দর্শন, ইতিহাস, বিজ্ঞান, সমাজবিজ্ঞান ও সংস্কৃতিচর্চার মাধ্যমে শিক্ষার্থীদের সৃজনশীলতা, যুক্তিবোধ, মানবিকতা ও নেতৃত্বের গুণাবলি বিকশিত করতে হবে।
আন্তর্জাতিক যোগাযোগ ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে বহুভাষা শিক্ষার ওপরও গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ইংরেজির পাশাপাশি আরবি, ম্যান্ডারিন, জাপানি, কোরীয়, ফরাসি, জার্মান, ইতালীয়সহ আন্তর্জাতিকভাবে চাহিদাসম্পন্ন বিভিন্ন ভাষা শেখার সুযোগ কলেজগুলোতে তৈরি করা প্রয়োজন।
এ ছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত প্রতিটি কলেজে শিক্ষার্থীদের জন্য ক্যারিয়ার কাউন্সেলিং, ইন্টার্নশিপ, দক্ষতা উন্নয়ন, ভাষা ক্লাব এবং উদ্যোক্তা তৈরির কার্যক্রম সম্প্রসারণের আহ্বান জানান তিনি।
শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষকদের স্বার্থ সংরক্ষণের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, শিক্ষা কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য কলেজভিত্তিক শিক্ষক সংকট নিরূপণ, শূন্যপদ পূরণ, প্রয়োজনীয় শিক্ষক নিয়োগ ও পদায়ন এবং শিক্ষকদের প্রশিক্ষণ ও দক্ষতা বৃদ্ধির উদ্যোগ নিতে হবে।
এ লক্ষ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ), জাতীয় বিশ্ববিদ্যালয়সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে সমন্বিতভাবে কাজ করার জন্য শিক্ষা মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানান তিনি। কাঙ্ক্ষিত শিক্ষার মান অর্জনে শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষকদের স্বার্থ সংরক্ষণকে গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।