
ফেসবুক ব্যবহারকারীদের জন্য নতুন একটি ভেরিফিকেশন সুবিধা চালু করতে যাচ্ছে মেটা। ‘ফেসবুক ভেরিফায়েড’ নামে আসা এই সেবার মাধ্যমে নির্দিষ্ট শর্ত পূরণ করলে কোনো অর্থ ব্যয় ছাড়াই ভেরিফায়েড ব্যাজ পাওয়া যাবে।
মেটা জানিয়েছে, নতুন এই উদ্যোগের মূল লক্ষ্য হলো ভুয়া অ্যাকাউন্টের সংখ্যা কমানো এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ভুয়া পরিচয় সহজে শনাক্ত করা।
ভেরিফিকেশনের জন্য ব্যবহারকারীকে একটি সংক্ষিপ্ত সেলফি ভিডিও জমা দিতে হবে। এরপর মেটার স্বয়ংক্রিয় ব্যবস্থা ভিডিওটি প্রোফাইল ছবির সঙ্গে মিলিয়ে পরিচয় যাচাই করবে। সব তথ্য সঠিক হলে কয়েক মিনিটের মধ্যেই অ্যাকাউন্টে ভেরিফায়েড ব্যাজ যুক্ত হবে।
তবে এই সুবিধা সবাই পাবেন না। আবেদনকারীর বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে। এছাড়া অ্যাকাউন্টে প্রতারণা, ভুয়া তথ্য ছড়ানো বা ফেসবুকের কমিউনিটি নীতিমালা লঙ্ঘনের ইতিহাস থাকলে আবেদন বাতিল হতে পারে।
প্রথম পর্যায়ে ব্যবহারকারীর প্রোফাইল, গ্রুপ, মার্কেটপ্লেস এবং ফেসবুক ডেটিং সেবায় এই ব্যাজ প্রদর্শিত হবে। পরবর্তী সময়ে ফিডে প্রকাশিত পোস্টেও ভেরিফায়েড ব্যাজ দেখানোর পরিকল্পনা রয়েছে। একবার পরিচয় যাচাই সম্পন্ন হলে পুরো ফেসবুক প্ল্যাটফর্মেই এই ভেরিফায়েড ব্যাজ কার্যকর থাকবে।
মেটা জানিয়েছে, নতুন ‘ফেসবুক ভেরিফায়েড’ তাদের বিদ্যমান ‘মেটা ভেরিফায়েড’ সাবস্ক্রিপশন সেবার বিকল্প নয়। মেটা ভেরিফায়েড অর্থের বিনিময়ে পাওয়া একটি প্রিমিয়াম সেবা, যেখানে অতিরিক্ত গ্রাহক সহায়তা ও অন্যান্য সুবিধা দেওয়া হয়। অন্যদিকে নতুন ফেসবুক ভেরিফায়েডের উদ্দেশ্য শুধুমাত্র ব্যবহারকারীর পরিচয় নিশ্চিত করা। এতে অতিরিক্ত গ্রাহক সহায়তা বা অন্য কোনো প্রিমিয়াম সুবিধা থাকবে না।
প্রথম ধাপে কয়েকটি দেশে এ সুবিধা চালু করা হবে। পরে ধাপে ধাপে বিশ্বের অন্যান্য দেশেও এটি সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। মেটার আশা, নতুন এই উদ্যোগ ফেসবুককে আরও নিরাপদ ও বিশ্বাসযোগ্য সামাজিক যোগাযোগমাধ্যম হিসেবে গড়ে তুলতে সহায়তা করবে।