সিলেট টেস্টের শুরুতেই চোটে পড়েছেন হাসান আলি। মাথায় আঘাত পেয়ে স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয়েছে পাকিস্তানের এই পেসারকে।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টেস্টে বাংলাদেশের ইনিংসের অষ্টম ওভারে ঘটনাটি ঘটে। মোহাম্মদ আব্বাস ও খুররাম শাহজাদ-এর পর তৃতীয় বোলার হিসেবে আক্রমণে আসেন হাসান আলি। তবে নিজের ওভার শেষ করার আগেই তাকে মাঠ ছাড়তে হয়।
ওভারের পঞ্চম বলে বাংলাদেশের অভিষিক্ত ব্যাটার তানজিদ হাসান তামিম বলটি ঠিকভাবে খেলতে পারেননি। ব্যাটে লেগে বলটি বোলারের সামনে উঁচু হয়ে ওঠে। ক্যাচ নেওয়ার চেষ্টা করতে গিয়ে ভারসাম্য হারিয়ে মাটিতে পড়ে যান হাসান আলি এবং মাথায় আঘাত পান।
আঘাত পাওয়ার পর সঙ্গে সঙ্গে মাথায় হাত দিয়ে মাঠে বসে পড়েন তিনি। পরে মাঠে থাকা চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা দেন। তবে অস্বস্তি না কমায় স্ট্রেচারে করে তাকে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়।
এর আগে টস হেরে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। দ্বিতীয় টেস্টের একাদশে দুটি পরিবর্তন আনে বাংলাদেশ। সাদমান ইসলামের পরিবর্তে সুযোগ পান তানজিদ হাসান তামিম এবং এবাদত হোসেনের জায়গায় দলে অন্তর্ভুক্ত হন শরিফুল ইসলাম।
©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়