
নারী এশিয়া কাপে দুর্দান্ত বোলিং করে ইতিহাস গড়েছেন পাকিস্তানের বাঁহাতি স্পিনার নাশরা সান্ধু। হংকংয়ের বিপক্ষে মাত্র ৭ রান খরচ করে ৬ উইকেট নিয়েছেন ২৮ বছর বয়সী এই স্পিনার।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে পাকিস্তানের নারী ও পুরুষ দলের হয়ে এক ম্যাচে ছয় উইকেট নেওয়া প্রথম বোলার এখন নাশরা সান্ধু।
সোমবার (৭ সেপ্টেম্বর) দুবাইয়ে এশিয়া কাপের ম্যাচে চার ওভার বোলিং করে মাত্র ৭ রান দেন নাশরা। তার ঘূর্ণিতে বিপর্যস্ত হংকং ১৯ ওভারে ৭১ রানে অলআউট হয়ে যায়। ফলে ৭২ রানের বড় জয় পায় পাকিস্তান।
হংকংয়ের হয়ে সর্বোচ্চ ৩০ রান করেন কারি চ্যান। ৪৭ বলের ইনিংসে তিনি চারটি চার মারেন।
এই দুর্দান্ত বোলিংয়ের মাধ্যমে পাকিস্তানের টি-টোয়েন্টি ইতিহাসে সেরা বোলিং ফিগারের রেকর্ডও নিজের করে নিয়েছেন নাশরা।
এর আগে এই রেকর্ড ছিল পাকিস্তানের পুরুষ দলের স্পিনার সুফিয়ান মুকিমের দখলে। জিম্বাবুয়ের বিপক্ষে বুলাওয়েতে ২.৪ ওভারে মাত্র ৩ রান দিয়ে ৫ উইকেট নিয়েছিলেন তিনি।
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৪৩ রান সংগ্রহ করে পাকিস্তান।
দলের হয়ে সর্বোচ্চ ৪৭ রান করেন শাওয়াল জুলফিকার। ৩৫ বলের ইনিংসে ছয়টি চার মারেন তিনি। আয়েশা জাফর করেন ২৬ রান এবং অধিনায়ক ফাতিমা সানা করেন ২৪ রান।
এই জয়ের ফলে নারী এশিয়া কাপের সেমিফাইনালে জায়গা নিশ্চিত করেছে পাকিস্তান। দ্বিতীয় সেমিফাইনালে আগামী ১১ সেপ্টেম্বর শ্রীলঙ্কার মুখোমুখি হবে দলটি।