
রাজধানীর গুলিস্তানে মতিউর পার্কের দক্ষিণ-পূর্ব কোণে বোমার আদলে তৈরি একটি সন্দেহজনক বস্তু ঘিরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পুলিশ ও বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সদস্যরা বস্তুটি পরীক্ষা করে জানান, এর ভেতরে কোনো বিস্ফোরক ছিল না। সেখানে পাওয়া যায় পুরোনো কাপড়চোপড় ও পচা ফল।
সোমবার (১৯ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে পার্কের ওই অংশে বস্তুটি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। দেখতে বোমার মতো হওয়ায় তাঁদের মধ্যে আতঙ্ক তৈরি হয়। পরে দ্রুত পুলিশকে খবর দেওয়া হয়।
খবর পেয়ে মতিঝিল থানা পুলিশ এবং ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। পরে সতর্কতার সঙ্গে বস্তুটি পরীক্ষা করা হয়।
মতিঝিল বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ হারুন অর রশিদ জানান, বস্তুটি বাইরে থেকে বোমার মতো দেখালেও এর ভেতরে বিস্ফোরকজাতীয় কোনো উপাদান পাওয়া যায়নি। পরীক্ষা করে পুরোনো কাপড়চোপড় ও বিভিন্ন ধরনের পচা ফল পাওয়া গেছে।
তবে কে বা কারা কী উদ্দেশ্যে বস্তুটি সেখানে রেখে গেছে, তা এখনো জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।