
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এখন আর শুধু প্রশ্নের উত্তর দেওয়া বা ছবি তৈরির প্রযুক্তিতে সীমাবদ্ধ নেই। ই-মেইল পাঠানো, ভ্রমণ বুকিং, গ্রাহকসেবা থেকে শুরু করে ব্যবসার বিভিন্ন কাজও এআই এজেন্টের মাধ্যমে করা সম্ভব হচ্ছে। এবার ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর জন্য নিজেদের এআই প্রযুক্তি আরও সহজলভ্য করতে ‘মেটা এন্টারপ্রাইজ প্ল্যাটফর্ম’ চালু করেছে মেটা।
২৮ সেপ্টেম্বর নতুন এই উদ্যোগের ঘোষণা দেয় মেটা। প্রতিষ্ঠানটি জানিয়েছে, প্ল্যাটফর্মটির মাধ্যমে ব্যবসাপ্রতিষ্ঠান ও ডেভেলপাররা মেটার এআই প্রযুক্তি ও এজেন্ট নিজেদের ব্যবসায়িক কার্যক্রমে ব্যবহারের সুযোগ পাবেন। প্রাথমিকভাবে এতে মিউজ এজেন্ট, মেটা বিজনেস এজেন্ট, মিউজ এপিআই ও মিউজ কোডসহ মেটার বিভিন্ন প্রযুক্তি যুক্ত করা হচ্ছে।
নতুন প্ল্যাটফর্মের নেতৃত্ব দিতে মেটা মঙ্গোডিবির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) চিরন্তন ‘সিজে’ দেশাইকে চিফ এন্টারপ্রাইজ প্ল্যাটফর্ম অফিসার হিসেবে নিয়োগ দিয়েছে। তিনি সরাসরি মেটার প্রতিষ্ঠাতা ও সিইও মার্ক জাকারবার্গের কাছে রিপোর্ট করবেন। এর আগে দেশাই মঙ্গোডিবিতে সিইও ও প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার আগে ক্লাউডফ্লেয়ারে পণ্য ও প্রকৌশল বিভাগের নেতৃত্ব এবং সার্ভিসনাওয়ে প্রায় আট বছর কাজ করেছেন।
মেটার ভাষ্য অনুযায়ী, এন্টারপ্রাইজ প্ল্যাটফর্মের লক্ষ্য হলো প্রতিষ্ঠানটির এআই প্রযুক্তিগুলোকে এমন পণ্য ও সেবায় রূপ দেওয়া, যেগুলো বিভিন্ন ব্যবসা তাদের নিজস্ব কার্যক্রমে সরাসরি ব্যবহার করতে পারে। এর মাধ্যমে ব্যবসার প্রবৃদ্ধি, গ্রাহকসেবা, উদ্ভাবন এবং দৈনন্দিন কার্যক্রম পরিচালনায় এআই ব্যবহারের সুযোগ তৈরি হবে।
মেটার নতুন উদ্যোগের কেন্দ্রে রয়েছে ‘মিউজ’। চলতি সেপ্টেম্বরেই ব্যক্তিগত এআই এজেন্ট হিসেবে মিউজ চালু করে প্রতিষ্ঠানটি। সাধারণ চ্যাটবটের মতো শুধু প্রশ্নের উত্তর দেওয়ার পরিবর্তে মিউজ ব্যবহারকারীর হয়ে বিভিন্ন কাজ সম্পন্ন করতে পারে। মেটার তথ্য অনুযায়ী, ই-মেইল পাঠানো ও ভ্রমণ বুকিংয়ের মতো কাজেও এটি ব্যবহার করা যায়।
এবার মিউজের পাশাপাশি মেটার ব্যবসায়িক এআই এজেন্ট ও অন্যান্য প্রযুক্তিও ব্যবসাপ্রতিষ্ঠান এবং ডেভেলপারদের জন্য ব্যবহারের সুযোগ তৈরি করা হচ্ছে। মেটা জানিয়েছে, এন্টারপ্রাইজ পণ্যগুলোর ক্ষেত্রে নিরাপত্তা ও গোপনীয়তার বিষয়গুলোও শুরু থেকেই বিবেচনায় রাখা হচ্ছে।
মেটা বিজনেস এজেন্ট ইতিমধ্যে ব্যবসাগুলোকে গ্রাহকদের সঙ্গে এআইয়ের মাধ্যমে যোগাযোগ ও ব্যক্তিগতকৃত সেবা দেওয়ার সুযোগ দিচ্ছে। মেটার জুনের ঘোষণায় বলা হয়েছিল, তখন পর্যন্ত হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারে ১০ লাখের বেশি ব্যবসা মেটা বিজনেস এজেন্ট ব্যবহার করছিল।
এদিকে ছোট ব্যবসার জন্যও মিউজ সম্প্রসারণ করছে মেটা। ২৯ সেপ্টেম্বর প্রতিষ্ঠানটি জানায়, মিউজকে অ্যাসানা, ক্যানভা, ড্রপবক্স, ফিগমা, কুইকবুকস, শপিফাই, স্ল্যাক, স্ট্রাইপ ও জুমসহ বিভিন্ন ব্যবসায়িক সেবার সঙ্গে যুক্ত করা যাবে। পাশাপাশি ফেসবুক ও ইনস্টাগ্রামের ব্যবসায়িক অ্যাকাউন্টও এর সঙ্গে সংযুক্ত করা যাবে।
মেটার নতুন উদ্যোগের মাধ্যমে ব্যক্তিগত ব্যবহারের পাশাপাশি ব্যবসায়িক ক্ষেত্রেও এআই এজেন্টের ব্যবহার আরও বিস্তৃত করার সুযোগ তৈরি হচ্ছে। বিশেষ করে দৈনন্দিন কাজ স্বয়ংক্রিয় করা, গ্রাহকের সঙ্গে যোগাযোগ এবং ব্যবসার বিভিন্ন কার্যক্রম পরিচালনায় মেটার এআই প্রযুক্তি কীভাবে ব্যবহৃত হয়, সেটিই এখন প্রতিষ্ঠানটির নতুন এন্টারপ্রাইজ উদ্যোগের অন্যতম দিক।