গত ২৪ ঘণ্টায় সারাদেশে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে এবং হামের উপসর্গ নিয়ে মোট তিন শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
বুধবার (১৫ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়।
তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে একজন এবং হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এতে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩২ জনে। একই সময়ে সন্দেহভাজন হামে মৃত্যুর সংখ্যা ১৬৬ জন।
এছাড়া দেশে এখন পর্যন্ত নিশ্চিতভাবে হামে আক্রান্ত রোগীর সংখ্যা ২ হাজার ৯৭৩ জন। সন্দেহভাজন আক্রান্ত রোগীর সংখ্যা ১৯ হাজার ১৬১ জন।
হাম সন্দেহে হাসপাতালে ভর্তি হয়েছেন ১২ হাজার ৩১৮ জন রোগী, যাদের মধ্যে চিকিৎসা শেষে ৯ হাজার ৭৭২ জন ছাড়পত্র পেয়েছেন।
বিভাগভিত্তিক তথ্যে দেখা গেছে, সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যুর ঘটনা ঘটেছে ঢাকা বিভাগে। এখানে হামে ও সন্দেহভাজন মিলিয়ে ১০ হাজার ৩০ জন আক্রান্ত হয়েছে এবং ৯৪ জন শিশুর মৃত্যু হয়েছে।
এর পর রয়েছে রাজশাহী বিভাগ। এখানে ৪ হাজার ৫৫৬ জন আক্রান্ত হয়েছে এবং ৬৭ জনের মৃত্যু হয়েছে।
অন্যদিকে সবচেয়ে কম আক্রান্ত হয়েছে রংপুর বিভাগে। এখানে ৬৪৪ জন শিশু আক্রান্ত হলেও গত এক মাসে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহারযোগ্য নহে