1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন

জ্বালানি সংকট মোকাবিলায় ২ বিলিয়ন ডলার সহায়তা চাইল বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬

বাংলাদেশের জরুরি জ্বালানি চাহিদা পূরণ ও অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় উন্নয়ন সহযোগীদের কাছে ২ বিলিয়ন মার্কিন ডলার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বুধবার (১৫ এপ্রিল) এশিয়া জিরো এমিশন কমিউনিটি (এজেডইসি) প্লাস অনলাইন সামিটে ভার্চুয়ালি বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, বর্তমান বৈশ্বিক পরিস্থিতি দ্রুত ও সমন্বিত পদক্ষেপের দাবি রাখে। বিশেষ করে ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য জরুরি সহায়তা নিশ্চিত করাই এখন আন্তর্জাতিক অগ্রাধিকার হওয়া উচিত।

তিনি বলেন, বৈশ্বিক জ্বালানি সংকট দেশের পারস্পরিক নির্ভরতা ও দুর্বলতা স্পষ্ট করে দিয়েছে। কোনো দেশ এককভাবে এই চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারবে না, তাই আঞ্চলিক ও বৈশ্বিক সহযোগিতা আরও জোরদার করা প্রয়োজন।

তারেক রহমান আরও জানান, জ্বালানি সংকট বাংলাদেশের অর্থনীতিতে চাপ সৃষ্টি করছে। এ পরিস্থিতি মোকাবিলায় সরকার ইতোমধ্যে স্বল্পমেয়াদি কিছু ব্যবস্থা নিয়েছে। এর মধ্যে রয়েছে সরকারি অফিস ও বাজারের সময়সূচি পরিবর্তন, জরুরি জ্বালানি আমদানি বৃদ্ধি এবং বিকল্প উৎস থেকে সরবরাহ নিশ্চিত করা।

তিনি আরও বলেন, জ্বালানি রেশনিং, খুচরা বিক্রয়ে সীমা নির্ধারণ এবং মজুতদারি ও আতঙ্কজনিত কেনাকাটা রোধে ‘ফুয়েল অ্যাপ’-এর মতো ডিজিটাল উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, এই সংকটের মাত্রা ১৯৭০-এর দশকের বৈশ্বিক তেল সংকটের চেয়েও ভয়াবহ হতে পারে, যা অতীতে দীর্ঘমেয়াদি উন্নয়ন কার্যক্রমে বড় ধাক্কা দিয়েছিল।

স্বাধীনতার পর থেকে বাংলাদেশের উন্নয়ন অগ্রগতি তুলে ধরে তিনি বলেন, বর্তমান সংকট সেই অর্জনকে ঝুঁকির মুখে ফেলতে পারে। তাই ঝুঁকিপূর্ণ ও স্বল্পোন্নত দেশগুলোর জন্য একটি সমন্বিত আন্তর্জাতিক উদ্যোগ প্রয়োজন।

ভার্চুয়াল এই সম্মেলনে মালয়েশিয়া, জাপান, ফিলিপাইন, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ভিয়েতনাম ও পূর্ব তিমুরের রাষ্ট্র ও সরকার প্রধানরা অংশ নেন। সমাপনী বক্তব্য দেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি

সম্মেলনের সময় সংসদ ভবন থেকে ভার্চুয়ালি বক্তব্য দেন তারেক রহমান। এ সময় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা এম হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

More News Of This Category

©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহারযোগ্য নহে

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!