
১২ কেজি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সিলিন্ডারের দাম ৩৫৭ টাকা কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৫২৮ টাকা। একই সঙ্গে অটোগ্যাসের দামও প্রতি লিটারে ১২ টাকা ৫৩ পয়সা কমিয়ে ৭৪ টাকা ৪০ পয়সা নির্ধারণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে সংবাদ সম্মেলনে নতুন মূল্য ঘোষণা করেন বিইআরসির চেয়ারম্যান জালাল আহমেদ। নতুন দর বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হয়েছে।
বিইআরসি জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে এলপিজির মূল্য এবং জাহাজভাড়া (ফ্রেইট চার্জ) কমে যাওয়ায় দেশে এলপিজি ও অটোগ্যাসের দাম সমন্বয় করা হয়েছে।
এর আগে গত ১৯ এপ্রিল ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২১২ টাকা বাড়িয়ে ১ হাজার ৯৪০ টাকা নির্ধারণ করা হয়েছিল। তারও আগে ২ এপ্রিল আরও ৩৮৭ টাকা বাড়িয়ে মূল্য নির্ধারণ করা হয় ১ হাজার ৭২৭ টাকা। ফলে দুই দফায় ১২ কেজি সিলিন্ডারের দাম মোট ৫৯৯ টাকা বেড়েছিল।
পরবর্তীতে জুন মাসে ১২ কেজি এলপিজির দাম ১ হাজার ৯৪০ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা এবং অটোগ্যাসের দাম প্রতি লিটার ৮৯ টাকা ৫০ পয়সা থেকে কমিয়ে ৮৬ টাকা ৯৩ পয়সা করা হয়।
গত কয়েক মাস ধরে এলপিজির বাজারমূল্য নিয়ে ভোক্তাদের মধ্যে অসন্তোষ ছিল। নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সিলিন্ডার বিক্রির অভিযোগও বিভিন্ন সময়ে ওঠে। বিইআরসি নির্ধারিত দাম অনুযায়ী বাজারে বিক্রি নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে।
উল্লেখ্য, ২০২১ সালের ১২ এপ্রিল প্রথমবারের মতো এলপিজির মূল্য নির্ধারণের ব্যবস্থা চালু করে বিইআরসি। এরপর থেকে সৌদি আরবের কনট্রাক্ট প্রাইস (সিপি), আন্তর্জাতিক বাজার পরিস্থিতি এবং আমদানি ব্যয়ের ভিত্তিতে প্রতি মাসে এলপিজির নতুন মূল্য ঘোষণা করা হচ্ছে।