
ইউটিউবের কমেন্ট ও ফ্যান কমিউনিটিতে যুক্ত হচ্ছে নতুন কয়েকটি সুবিধা। এর ফলে দর্শকরা কমেন্টে জিআইএফ ব্যবহার করে প্রতিক্রিয়া জানাতে পারবেন। পাশাপাশি টেলিভিশনে ইউটিউব দেখার সময় রিমোটে টাইপ না করেও ভয়েস কমান্ডের মাধ্যমে কমেন্ট করার সুবিধা চালু করছে প্ল্যাটফর্মটি।
নির্মাতাদের জন্যও থাকছে নতুন সুযোগ। অর্থের বিনিময়ে চ্যানেলের সদস্য হওয়া দর্শকদের নিয়ে আলাদা কমিউনিটি তৈরির সুবিধা দেবে ইউটিউব। যুক্তরাষ্ট্রে আয়োজিত ‘মেড অন ইউটিউব’ অনুষ্ঠানে এসব নতুন সুবিধার ঘোষণা দেওয়া হয়েছে। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
চ্যানেল মেম্বারশিপ ব্যবস্থায় পরিবর্তন এনে অর্থের বিনিময়ে সদস্য হওয়া দর্শকদের জন্য আলাদা কমিউনিটি তৈরির সুযোগ দেওয়া হচ্ছে। এসব কমিউনিটিতে সদস্যরা পোস্ট করার পাশাপাশি নিজেদের মধ্যে আলোচনা করতে পারবেন। নতুন ‘চ্যানেল মেম্বারশিপ’ পাতায় সংশ্লিষ্ট কমিউনিটিগুলো প্রদর্শিত হবে।
ছোট নির্মাতাদের ভিডিও আরও বেশি দর্শকের কাছে পৌঁছে দিতে ‘হাইপ’ সুবিধাতেও পরিবর্তন আনছে ইউটিউব। ‘হাইপ উইথ জুয়েলস’ ব্যবস্থায় দর্শকরা ‘জুয়েলস’ নামের ভার্চুয়াল মুদ্রা কিনে পছন্দের ভিডিওকে হাইপ করতে পারবেন।
ইউটিউব জানিয়েছে, এখন পর্যন্ত ৭ কোটি ৫০ লাখের বেশি ভিডিও ১০০ কোটির বেশি বার হাইপ করা হয়েছে।
এ ছাড়া নির্মাতাদের জন্য কমেন্ট নিয়ন্ত্রণের নতুন টুল, গ্রুপ চ্যাটে ভিডিও শেয়ার এবং কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর ভিডিও সম্পাদনাসহ আরও কয়েকটি সুবিধা চালুর উদ্যোগ নিয়েছে প্ল্যাটফর্মটি।