সিলেট-এ গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে বিভাগটিতে হামের উপসর্গ ও হামে আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৬ জনে।
রোববার (১০ মে) স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়-এর প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
মৃত দুই শিশু হলো ৯ মাস বয়সি আকরামুল এবং ৮ মাস বয়সি সাইফান। তাদের মধ্যে আকরামুল মারা যায় সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল-এ এবং সাইফান মারা যায় শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল-এ।
চিকিৎসা সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় নতুন কোনো ল্যাব-নিশ্চিত হামের রোগী শনাক্ত হয়নি। তবে একই সময়ে হামের উপসর্গ নিয়ে ১২২ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ২৬৮ জন সন্দেহভাজন রোগী চিকিৎসাধীন রয়েছে।
এর মধ্যে সবচেয়ে বেশি ১১৮ জন ভর্তি আছেন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে। স্বাস্থ্য বিভাগ বলছে, পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং আক্রান্তদের চিকিৎসা কার্যক্রম চলছে।