
সৌদি আরবে বসবাসরত প্রবাসী কর্মীদের ওয়ার্ক পারমিট (কাজের অনুমতিপত্র) নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে দেশটির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের আওতাধীন কিওয়া (Qiwa) প্ল্যাটফর্ম। নির্দেশনা অনুযায়ী, আগামী ৩০ জুন পর্যন্ত নিয়োগকর্তারা কর্মীদের ওয়ার্ক পারমিট নবায়ন অথবা তাদের সেবা অন্য প্রতিষ্ঠানে স্থানান্তরের সুযোগ পাবেন।
সৌদি গণমাধ্যম সৌদি গেজেট জানিয়েছে, ১ জুলাই থেকে যেসব কর্মীর ওয়ার্ক পারমিট তিন মাসের বেশি সময় ধরে মেয়াদোত্তীর্ণ, তাদের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের রেকর্ড থেকে স্বয়ংক্রিয়ভাবে অপসারণের প্রক্রিয়া শুরু হবে।
কিওয়া প্ল্যাটফর্ম জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে ওয়ার্ক পারমিট নবায়ন না হলে কর্মীকে প্রতিষ্ঠানের তালিকা থেকে বাদ দেওয়া হবে। তবে বৈধ ওয়ার্ক পারমিট ছাড়া কর্মীকে যতদিন কাজ করানো হয়েছে, সেই সময়ের সব বকেয়া ফি ও আর্থিক দায়ভার নিয়োগকর্তাকেই বহন করতে হবে।
এ কারণে সময়সীমা শেষ হওয়ার আগেই সংশ্লিষ্ট কর্মীদের ওয়ার্ক পারমিট নবায়ন বা প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ করার জন্য নিয়োগকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।
তবে এ ক্ষেত্রে একটি ব্যতিক্রম রাখা হয়েছে। কোনো কর্মীর ওয়ার্ক পারমিটের মেয়াদ শেষ হলেও তার ইকামার (বাসস্থান অনুমতিপত্র) মেয়াদ যদি কমপক্ষে ১৮০ দিন অবশিষ্ট থাকে, তাহলে ওয়ার্ক পারমিট নবায়ন না হলেও তাকে প্রতিষ্ঠানের রেকর্ড থেকে অপসারণ করা হবে না।
অন্যদিকে, ইকামার অবশিষ্ট মেয়াদ ১৮০ দিনের কম হলে প্রশাসনিক জটিলতা এড়াতে নিয়োগকর্তাকে একসঙ্গে ইকামা ও ওয়ার্ক পারমিট—উভয়ই নবায়ন করতে হবে।
কিওয়া আরও জানিয়েছে, তিন মাসের বেশি সময় ধরে মেয়াদোত্তীর্ণ ওয়ার্ক পারমিট নিয়ে কর্মরত প্রবাসীদের নামও স্বয়ংক্রিয়ভাবে প্রতিষ্ঠানের রেকর্ড থেকে বাতিল হয়ে যাবে। এ ক্ষেত্রেও কর্মীকে অবৈধভাবে কাজে রাখার সময়ের সব বকেয়া ফি ও আর্থিক দায়ভার নিয়োগকর্তাকেই বহন করতে হবে।
আইনগত জটিলতা ও অতিরিক্ত আর্থিক দায় এড়াতে বকেয়া ওয়ার্ক পারমিট ফি দ্রুত পরিশোধ, পারমিট নবায়ন অথবা প্রয়োজন হলে কর্মীদের অন্য প্রতিষ্ঠানে স্থানান্তরের ব্যবস্থা নেওয়ার জন্য নিয়োগকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছে কিওয়া।