
উত্তর ইসরায়েলকে লক্ষ্য করে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। রোববার (৮ জুন) রাতে চালানো এ হামলার খবর নিশ্চিত করেছে টাইমস অব ইসরায়েল, আল-জাজিরাসহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম।
আইআরজিসির বরাতে জানা গেছে, লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) সাম্প্রতিক বিমান হামলার জবাব হিসেবেই উত্তর ইসরায়েলে এসব ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে।
ইসরায়েলের স্থানীয় সময় রাত সাড়ে ১১টার দিকে হামলাটি সংঘটিত হয়। তাৎক্ষণিকভাবে কতগুলো ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে তা জানা না গেলেও আইডিএফ জানিয়েছে, উত্তর ইসরায়েলের বিভিন্ন এলাকায় ক্ষেপণাস্ত্র সতর্কতা অ্যালার্ম বেজে ওঠে।
পরবর্তীতে আইডিএফ দাবি করে, ইরান থেকে ছোড়া অন্তত ১০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভূপাতিত করেছে। তাদের ভাষ্য অনুযায়ী, ক্ষেপণাস্ত্রগুলো লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই ধ্বংস করা সম্ভব হয়েছে।
হামলার পরপরই প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকার জরুরি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে। দেশজুড়ে স্কুলসহ সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে নাগরিকদের নিরাপদ আশ্রয়কেন্দ্র ও সেফ হোমে অবস্থান নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
এর আগে, শনিবার (৬ জুন) সন্ধ্যায় লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলীয় শহরতলি দাহিয়েহ এলাকায় বিমান হামলা চালায় ইসরায়েলি বিমানবাহিনী (আইএএফ)। ওই হামলায় অন্তত ২০ জন আহত হন, যাদের মধ্যে চারজন শিশু রয়েছে।
একই দিনে দক্ষিণ লেবাননের আরও কয়েকটি স্থানে বিমান অভিযান পরিচালনা করে আইএএফ। এতে লেবানিজ সেনাবাহিনীর এক ব্রিগেডিয়ার জেনারেলসহ কয়েকজন সেনা সদস্য নিহত হয়েছেন বলে বিভিন্ন গণমাধ্যমে জানানো হয়েছে।
সূত্র : টাইমস অব ইসরায়েল, আল জাজিরা, সিএনএন