
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী কংগ্রেস নির্বাচনের আগে ইরানে নতুন করে কোনো সামরিক হামলা চালানো হবে না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের ‘ফলপ্রসূ’ আলোচনা চলছে বলেও দাবি করেছেন তিনি।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, ইসলামিক রিপাবলিক অব ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের ফলপ্রসূ আলোচনা চলছে।
ট্রাম্প আরও জানান, ইরানি বন্দরগুলোর ওপর যুক্তরাষ্ট্রের অবরোধ এখনো কার্যকর রয়েছে। তবে হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহণ স্বাভাবিকভাবে চলছে বলেও দাবি করেন তিনি।
পোস্টে মার্কিন প্রেসিডেন্ট বলেন, আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে কোনো হামলা চালাবে না ওয়াশিংটন।
এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের প্রস্তাবের শর্ত ও সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনা করছে তেহরান। আগামী কয়েক দিনের মধ্যে এ বিষয়ে ইরানের সুনির্দিষ্ট জবাব যুক্তরাষ্ট্রের কাছে পাঠানো হবে বলে জানান তিনি।