
ব্যক্তিগত সংবেদনশীল তথ্য অনলাইনে ছড়িয়ে দেওয়া ও হুমকির ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক শেহরীন আমিন ভূঁইয়া (মোনামি)।
রোববার (৩০ আগস্ট) রাজধানীর শাহবাগ থানায় উপস্থিত হয়ে তিনি জিডিটি করেন।
জিডি সূত্রে জানা যায়, একটি ফেসবুক পেজ থেকে শেহরীন আমিন ভূঁইয়ার ব্যক্তিগত ফোন নম্বর, ইমেইল ঠিকানা ও বাসার ঠিকানা প্রকাশ করা হয়। এরপর থেকেই বিভিন্ন অপরিচিত নম্বর থেকে তাকে ফোন করে অশালীন কথা বলা এবং হুমকি দেওয়ার অভিযোগ ওঠে।
বাসার ঠিকানাও প্রকাশ্যে চলে আসায় সেখানে অবস্থান করাকে অনিরাপদ মনে করছেন বলে জিডিতে উল্লেখ করেন মোনামি। সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং ঘটনার আইনগত প্রতিকার চেয়ে তিনি জিডি করেছেন।
শাহবাগ থানা সূত্রে জানা গেছে, ঘটনাটির তদন্ত শুরু হয়েছে। একই সঙ্গে এর সঙ্গে জড়িতদের শনাক্ত করতে কাজ করছে পুলিশ।