1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন

আন্তর্জাতিক স্কোয়াশের শিরোপা

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

রাজধানীর বসুন্ধরা স্পোর্টস সিটিতে জমকালো ফাইনাল, পুরস্কার বিতরণী ও শিক্ষা উপবৃত্তি প্রদানের মধ্য দিয়ে শেষ হয়েছে উপমহাদেশের অন্যতম মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট ‘বাংলাদেশ আন্তর্জাতিক স্কোয়াশ ২০২৬’।

শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে অনুষ্ঠিত ফাইনালে শ্রীলঙ্কার রভিন্দ্র লক্ষীশ্রীকে সরাসরি ৩-০ সেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন বিশ্বের ১৪৪ নম্বর র‍্যাঙ্কিংধারী মিশরের খেলোয়াড় জিয়াদ ইব্রাহিম। বিশ্বের ১৬৪ নম্বর র‍্যাঙ্কিংধারী রভিন্দ্র লক্ষীশ্রী রানার্সআপ হয়েছেন।

গত ২৪ আগস্ট শুরু হওয়া পাঁচ দিনব্যাপী এ টুর্নামেন্টে বিশ্বের ১১টি দেশের শীর্ষস্থানীয় পেশাদার স্কোয়াশ খেলোয়াড়রা অংশ নেন।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে ট্রফি, মেডেল ও প্রাইজমানি তুলে দেন বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার ইন চিফ মেজর জেনারেল মু. হাসান-উজ-জামান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন টুর্নামেন্টের প্রমোটর ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জি এম কামরুল ইসলাম এবং বসুন্ধরা স্পোর্টস সিটির ঊর্ধ্বতন নির্বাহী পরিচালক কর্নেল মহাসিনুল করিম। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তা, বিদেশি খেলোয়াড় ও দেশীয় ক্রীড়া ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চ্যাম্পিয়ন জিয়াদ ইব্রাহিম ও রানার্সআপ রভিন্দ্র লক্ষীশ্রীর পাশাপাশি প্রথম রানার্সআপ ইরানের সেফের এতেমাদপুর এবং দ্বিতীয় রানার্সআপ মিশরের মোহাম্মদ গহরকে সম্মানিত করা হয়। টুর্নামেন্টে বাংলাদেশের সেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন উদীয়মান তরুণ প্রতিভা পারভেজ করিম।

সমাপনী অনুষ্ঠানের শুরুতে ‘স্কোয়াশ ও শিক্ষা বৃত্তি’ কর্মসূচির আওতায় মাধ্যমিকে উত্তীর্ণ কৃতি স্কোয়াশ খেলোয়াড়দের সম্মাননা দেওয়া হয়। একই সঙ্গে ক্ষুদে ক্রীড়াবিদদের মধ্যে উন্নত ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।

আয়োজকরা জানান, গত পাঁচ বছরে দেশে স্কোয়াশের প্রসারে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। ‘ক্লাসরুম স্কোয়াশ’ ও নেতৃত্ব বিকাশের মতো ধারাবাহিক উদ্যোগের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে সম্ভাবনাময় ‘স্কোয়াশ ডেস্টিনেশন’ হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা চলছে।

২০৩২ সালের অলিম্পিকে অংশগ্রহণের লক্ষ্য সামনে রেখে দেশের স্কোয়াশ অবকাঠামোর উন্নয়ন এবং সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে খেলাটিকে আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করে টুর্নামেন্টের সমাপ্তি ঘোষণা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page