দেশে আপাতত ভোজ্যতেলের দাম না বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
রোববার (১২ এপ্রিল) বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ভোজ্যতেল সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ তথ্য জানান।
বাণিজ্যমন্ত্রী বলেন, ভোজ্যতেল একটি অত্যন্ত সংবেদনশীল পণ্য। এর দাম বাড়লে সাধারণ ভোক্তাদের ওপর সরাসরি প্রভাব পড়ে। তাই সরকার নিয়মিতভাবে তেলের সরবরাহ পরিস্থিতি, আমদানি এবং বাজার পরিস্থিতি পর্যালোচনা করছে।
তিনি আরও বলেন, “বর্তমানে দাম বাড়ানোর মতো কোনো সিদ্ধান্ত হয়নি। জনগণের স্বার্থ বিবেচনায় নিয়ে আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছি।”
মন্ত্রী জানান, বৈশ্বিক পরিস্থিতি, বিশেষ করে যুদ্ধ ও অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে সাধারণ মানুষ শঙ্কার মধ্যে রয়েছে। এমন পরিস্থিতিতে সরকারের প্রধান অগ্রাধিকার হলো নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখা।
এর আগে ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব দেয় বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। সংগঠনটি গত ৯ এপ্রিল বাণিজ্য মন্ত্রণালয়ে চিঠি দিয়ে দাম সমন্বয়ের দাবি জানায়।
পরবর্তীতে বাণিজ্য মন্ত্রণালয় ও বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন (বিটিটিসি) প্রস্তাবটি পর্যালোচনা করে আপাতত দাম না বাড়ানোর সিদ্ধান্ত নেয়।
সরকারের এই সিদ্ধান্তে আপাতত বাজারে ভোজ্যতেলের দাম স্থিতিশীল থাকবে বলে আশা করা হচ্ছে।
©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহারযোগ্য নহে