1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন

বর্ণাঢ্য আয়োজনে যশোরে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন শুরু

দিদারুল, স্টাফ রিপোর্টার, যশোর
  • Update Time : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬

বর্ণিল উৎসব আর সাংস্কৃতিক আয়োজনে যশোরে শুরু হয়েছে বাংলা নববর্ষ ১৪৩৩-এর উদযাপন। পহেলা বৈশাখ মঙ্গলবার ভোর থেকেই শহরজুড়ে ছড়িয়ে পড়ে উৎসবের আমেজ। সকাল ৬টা ৩১ মিনিটে যশোর পৌর উদ্যানে উদীচী শিল্পীগোষ্ঠীর বৈশাখী সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে নববর্ষের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

পরে সকাল সাড়ে ৮টায় টাউন হল ময়দান থেকে বের হয় বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা। রংবেরঙের পোশাক, পশু-পাখির প্রতিকৃতি ও মুখোশে সজ্জিত হয়ে হাজারো মানুষ এতে অংশ নেন। শোভাযাত্রা শুরুর আগেই এবং পরবর্তী সময়ে পৌর উদ্যানে সব বয়সের মানুষের ঢল নামে। সেখানে উদীচীর পরিবেশনায় অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানে শিশু, নারী ও পুরুষ মিলিয়ে হাজারো মানুষ অংশ নেন।

এবারের বর্ষবরণ উৎসবের প্রতিপাদ্য ছিল—“নববর্ষের ঐকতান গণতন্ত্রের পুনরুত্থান।” এই থিমকে সামনে রেখে যশোরে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হচ্ছে।

সকাল সাড়ে ৮টায় টাউন হল মাঠের রওশন আলী মঞ্চে বটমূল এলাকায় জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে প্রশাসনিকভাবে মূল অনুষ্ঠান শুরু হয়। এরপর “এসো হে বৈশাখ এসো এসো” গানের মাধ্যমে বৈশাখী শোভাযাত্রার আনুষ্ঠানিক সূচনা করা হয়।

শোভাযাত্রাটি টাউন হল মাঠ থেকে শুরু হয়ে জজ কোর্টের মোড়, দড়াটানা, চৌরাস্তা, জেল রোড, আদ-দ্বীন হাসপাতাল, টিএন্ডটি অফিস রোড হয়ে পুনরায় রওশন আলী বটমূল এলাকায় গিয়ে শেষ হয়। পরে যশোর শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকনসহ বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, শিল্পী ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

এছাড়া দিনব্যাপী বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে একাধিক অনুষ্ঠান চলছে শহরজুড়ে। উদীচী শিল্পীগোষ্ঠী যশোর জেলা সংসদের উদ্যোগে পৌর পার্কে ভোর ৬টা ৩১ মিনিটে শুরু হয় প্রভাতী অনুষ্ঠান, যা বিকেলেও চলবে।

নবকিশলয় স্কুলমাঠে সকাল থেকেই বিবর্তন ও সুরধুনীর সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে। মুসলিম একাডেমি স্কুল প্রাঙ্গণে পুনশ্চের প্রভাতী অনুষ্ঠান সকালেই শুরু হয়, বিকেলে আবারও অনুষ্ঠান হবে।

এদিকে টাউন হল মাঠের রওশন আলী বটমূলে বিকেলে সুরবিতানের আয়োজন রয়েছে। বিভিন্ন সংগঠনের এসব আয়োজনে পুরো যশোর শহর দিনভর মেতে রয়েছে বাংলা নববর্ষের উৎসবে।

More News Of This Category

©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহারযোগ্য নহে

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!