বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে চাঁদপুরের শাহরাস্তি উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। উৎসবমুখর এই আয়োজনে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজিয়া হোসেন।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে উপজেলা পরিষদ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ মাঠে এসে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত হয় বৈশাখী মেলা, যেখানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
শোভাযাত্রায় অংশ নেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ নানা শ্রেণি-পেশার মানুষ। রঙিন ব্যানার, ফেস্টুন, পোস্টার এবং গ্রামীণ ঐতিহ্যবাহী নানা উপকরণ নিয়ে অংশগ্রহণকারীরা শোভাযাত্রাকে প্রাণবন্ত করে তোলেন। এতে পুরো এলাকায় সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি-হাজিগঞ্জের গণমানুষের নেতা এবং চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মুমিন হক। এছাড়া রাজনৈতিক নেতৃবৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আয়েত আলী ভূঁইয়া, সহ-সভাপতি আবু ইউসুফ পাটোয়ারী রূপন, সাধারণ সম্পাদক সেলিম পাটোয়ারী লিটন এবং উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আকতার হোসেন পাটোয়ারীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলা নববর্ষ বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ। এই ধরনের আয়োজন নতুন প্রজন্মকে নিজেদের শেকড় ও সংস্কৃতির সঙ্গে পরিচিত করাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিয়া হোসেন বলেন, “বাংলা নববর্ষ বাঙালির প্রাণের উৎসব। এ ধরনের আয়োজন আমাদের ঐতিহ্য ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে সহায়ক ভূমিকা রাখে।”
©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহারযোগ্য নহে