যশোরের চৌগাছা উপজেলার নারায়ণপুর ইউনিয়নে জমি-সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে এক কৃষকের ড্রাগন ফলের বাগান কেটে ফেলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী কৃষক থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
সোমবার (১৩ এপ্রিল) সকালে চৌগাছা থানায় দায়ের করা অভিযোগে জানা যায়, উপজেলার হোগলডাঙ্গা গ্রামের কৃষক মোহাম্মাদ আলী (৪৯) তার ৫০ শতক জমিতে গড়ে তোলা ড্রাগন ফলের বাগানে গত ১২ এপ্রিল দুপুর আনুমানিক ২টা ১০ মিনিটে এ ঘটনা ঘটে।
অভিযোগ অনুযায়ী, ওই সময় প্রতিপক্ষরা জোরপূর্বক বাগানে প্রবেশ করে তিন সারির ড্রাগন গাছ কেটে ফেলে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী কৃষক।
এ ঘটনায় একই ইউনিয়নের বড় খাঁনপুর (ঢাকাপাড়া) গ্রামের মহিদুল ইসলাম (৩২) ও ইয়াসিন হোসেন (২২)-কে অভিযুক্ত করা হয়েছে বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়। অভিযোগে আরও বলা হয়, বিষয়টি নিয়ে জানতে চাইলে অভিযুক্তরা কৃষক মোহাম্মাদ আলীকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে এবং প্রাণনাশসহ গুরুতর ক্ষতির হুমকি দেয়।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার প্রত্যক্ষদর্শীদের নামও অভিযোগে উল্লেখ করা হয়েছে। স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হলেও তা ব্যর্থ হলে পরে থানায় অভিযোগ দায়ের করা হয়।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মোশাব্বির হোসাইন বলেন, ড্রাগন ফল একটি উচ্চমূল্যের অর্থকরী ফসল। এ ধরনের বাগান ক্ষতিগ্রস্ত হলে কৃষকের বড় ধরনের আর্থিক ক্ষতি হয়। তিনি জানান, খবর পেয়ে উপ-সহকারী কৃষি কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আমিন শিকদার জানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহারযোগ্য নহে