1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন

খুলনায় বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন

মামুন, বিশেষ প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬

যথাযোগ্য মর্যাদা ও আনন্দঘন পরিবেশে মঙ্গলবার (১৪ এপ্রিল) খুলনায় উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩৩। এ উপলক্ষে খুলনা জেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়, যার মধ্যে ছিল বর্ষবরণ, বৈশাখি শোভাযাত্রা, আলোচনা সভা, পুরস্কার বিতরণ, লোকজ মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

এবারের নববর্ষের প্রতিপাদ্য ছিল—‘নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান’। এই থিমকে সামনে রেখে সকালে রেলওয়ে স্টেশন প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য বৈশাখি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহিদ হাদিস পার্কে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রায় সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। রঙিন পোশাক, মুখোশ, ব্যানার ও লোকজ উপকরণে শোভাযাত্রাটি উৎসবমুখর হয়ে ওঠে।

পরে শহিদ হাদিস পার্কে অনুষ্ঠিত হয় আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণ এবং লোকজ মেলা। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খুলনা বিভাগীয় কমিশনার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ নাজমুল হক বলেন, পহেলা বৈশাখ বাঙালির চিরায়ত ঐতিহ্য ও সর্বজনীন উৎসব।

তিনি বলেন, বাঙালির লোকসংস্কৃতির সঙ্গে বাংলা নববর্ষ গভীরভাবে সম্পৃক্ত। বিদায়ী বছরের দুঃখ-গ্লানি ভুলে নতুন বছরে সবাইকে নতুন উদ্যমে এগিয়ে যেতে হবে। তিনি আরও বলেন, একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক অগ্রযাত্রা শুরু হয়েছে, এবং ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে একটি উন্নত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

খুলনা জেলা প্রশাসক হুরে জান্নাতের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) আবু সায়েদ মো. মনজুর আলমসহ সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

এদিকে নববর্ষ উপলক্ষে খুলনা জেলা কারাগার, হাসপাতাল, সরকারি শিশু পরিবার ও এতিমখানায় ঐতিহ্যবাহী বাংলা খাবার পরিবেশন করা হয়। শিশুদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয় এবং কারাবন্দিদের তৈরি বিভিন্ন পণ্যের প্রদর্শনী ও নাটক মঞ্চায়ন করা হয়।

শিক্ষাপ্রতিষ্ঠানগুলোও নিজ নিজ ব্যবস্থাপনায় উৎসবমুখর পরিবেশে নববর্ষ উদযাপন করে। শহিদ হাদিস পার্কে দিনব্যাপী লোকজ মেলা অনুষ্ঠিত হয়, যা উৎসবের আনন্দকে আরও প্রাণবন্ত করে তোলে। উপজেলা পর্যায়েও অনুরূপ কর্মসূচি পালিত হয়।

More News Of This Category

©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহারযোগ্য নহে

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!