বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পহেলা বৈশাখ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি আনন্দঘন বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
রবিবার সকালে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত নানা শ্রেণি-পেশার মানুষ ঐতিহ্যবাহী পোশাকে শোভাযাত্রায় অংশ নেন। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় নির্ধারিত স্থানে এসে শেষ হয়।
শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের হাতে ছিল পহেলা বৈশাখের নানা প্রতীক—পাখি, মাছ, ফুলসহ বিভিন্ন বর্ণিল প্রতিকৃতি। অংশগ্রহণকারীদের পরনে ছিল লাল-সাদা রঙের পোশাক, যা বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতিকে ফুটিয়ে তোলে। এতে স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থীসহ সাধারণ মানুষ অংশ নেন।
আয়োজকরা জানান, বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যেই এ ধরনের আয়োজন করা হয়েছে। উৎসবমুখর পরিবেশে সবাই মিলেই নতুন বছরকে বরণ করে নেয়।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, নববর্ষ উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, গ্রামীণ খেলাধুলা ও মেলার আয়োজন করা হয়েছে, যা পুরো আয়োজনকে আরও প্রাণবন্ত করে তুলেছে।
©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহারযোগ্য নহে