পাহাড় আর কাপ্তাই লেকের জনপদ রাঙ্গামাটিতে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩৩। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে রাঙ্গামাটি জেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও লোকজ মেলার মাধ্যমে নতুন বছরকে বরণ করে নেওয়া হয়।
ভোরের সূর্যোদয়ের পর থেকেই শহরজুড়ে ছড়িয়ে পড়ে নববর্ষের উৎসবের আমেজ। সকালবেলা রাঙ্গামাটি পৌরসভা মাঠ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য ‘আনন্দ শোভাযাত্রা’ বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। এতে বাঙালির হাজার বছরের ঐতিহ্য ও লোকজ সংস্কৃতির নানা অনুষঙ্গ তুলে ধরে অংশ নেন সর্বস্তরের মানুষ।
শোভাযাত্রা শেষে জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন শহীদ এম. আব্দুল আলী মঞ্চে লোকজ মেলার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাঙ্গামাটি জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ নাজমা আশরাফী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম।
বক্তারা বলেন, বাংলা নববর্ষ বাঙালির প্রাণের উৎসব, যা সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করে। রাঙ্গামাটির এই মিলনমেলা আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে নববর্ষ উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
দিনব্যাপী লোকজ মেলায় স্থানীয় হস্তশিল্প, ঐতিহ্যবাহী খাবার ও সাংস্কৃতিক প্রদর্শনী দর্শনার্থীদের বিশেষভাবে আকর্ষণ করে। পুরো আয়োজন ঘিরে শহরজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।
©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহারযোগ্য নহে