দেশের কৃষকদের উন্নয়ন ছাড়া সার্বিক উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, “দেশের কৃষক ভালো থাকলে পুরো দেশই ভালো থাকবে। বর্তমান সরকার জনগণের সরকার এবং নির্বাচনি প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়নে কাজ করছে। কৃষকদের স্বাবলম্বী ও সচ্ছল করে তোলাই আমাদের লক্ষ্য।”
মঙ্গলবার (১৪ এপ্রিল) টাঙ্গাইলে ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। বেলা ১১টা ২২ মিনিটের দিকে টাঙ্গাইল শহীদ মারুফ স্টেডিয়ামে পৌঁছে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করেন এবং কৃষকদের মাঝে কার্ড বিতরণ করেন।
প্রধানমন্ত্রী বলেন, পহেলা বৈশাখ বাঙালির ঐতিহ্যবাহী উৎসব, যা কৃষক সমাজের জীবনযাত্রার সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। এ কারণেই এই গুরুত্বপূর্ণ দিনটিকে কর্মসূচি উদ্বোধনের জন্য বেছে নেওয়া হয়েছে। তিনি উল্লেখ করেন, কৃষির সঙ্গে বাংলা নববর্ষের ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে।
তিনি জানান, প্রাথমিকভাবে পাইলট প্রকল্পের আওতায় দেশের ১১টি উপজেলায় প্রায় ২২ হাজার কৃষকের হাতে কৃষক কার্ড তুলে দেওয়া হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের একটি সমন্বিত সেবা কাঠামোর আওতায় আনা হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
পর্যায়ক্রমে আগামী পাঁচ বছরে দেশের প্রায় ২ কোটি ৭৫ লাখ কৃষকের মধ্যে এই কার্ড বিতরণ করা হবে বলেও জানান প্রধানমন্ত্রী। তার মতে, এই উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের কৃষি খাতে একটি বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আসবে।
কৃষি উন্নয়নের লক্ষ্যে সরকারের আরও কিছু পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, আগামী পাঁচ বছরে প্রায় ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে, যা সেচব্যবস্থা উন্নয়ন এবং কৃষি উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন, সরকার কৃষিনির্ভর এলাকাগুলোতে আধুনিক কৃষি ব্যবস্থাপনা জোরদার করতে কাজ করছে। একইসঙ্গে কৃষকদের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
প্রধানমন্ত্রী জানান, শুধু দেশের অভ্যন্তরীণ বাজারেই নয়, কৃষিজাত পণ্য বিদেশে রপ্তানির ক্ষেত্রেও প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। এর মাধ্যমে কৃষকদের আয় বৃদ্ধি পাবে এবং দেশের অর্থনীতিতে নতুন গতি সঞ্চার হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
শেষে তিনি আশা প্রকাশ করেন, ‘কৃষক কার্ড’ কর্মসূচি কৃষকদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে এবং দেশের কৃষি অর্থনীতিকে আরও গতিশীল করে তুলবে।
©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহারযোগ্য নহে