
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ বন্ধে সহায়তা করার প্রস্তাব দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার (৮ অক্টোবর) তুর্কমেনিস্তানে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠকে তিনি এ প্রস্তাব দেন।
রাশিয়ার বার্তা সংস্থা তাসের প্রতিবেদনে বলা হয়, বৈঠকে পুতিন বলেন, পরিস্থিতির সমাধানে অবদান রাখতে রাশিয়া তার সামর্থ্যের মধ্যে সবকিছু করতে প্রস্তুত।
ইরান যুদ্ধ বন্ধে ‘বাস্তব প্রচেষ্টা’ চালিয়েছে বলেও মন্তব্য করেন রুশ প্রেসিডেন্ট।
বৈঠকে কূটনৈতিক সমাধানের পথ থেকে সরে না যাওয়ার কথা জানান ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেন, ইরান সংলাপে যুক্ত রয়েছে। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চলার সময় নতুন করে হামলা চালানো হলেও তেহরান আলোচনার টেবিল ছাড়বে না।
স্বাধীন রাষ্ট্রগুলোর কমনওয়েলথ (সিআইএস) সম্মেলনের আগে তুর্কমেনিস্তানে পুতিন ও পেজেশকিয়ানের মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়। শুক্রবার সম্মেলনটি শুরু হওয়ার কথা রয়েছে।