
রাজধানী ঢাকার ৩৩টি স্থানে আজ বুধবার দুর্গাপূজার প্রতিমা বিসর্জন অনুষ্ঠিত হচ্ছে। বিসর্জনকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। পোশাকধারী পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশ (ডিবি), কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি), স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ), সোয়াট ও বম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা দায়িত্ব পালন করছেন। এ ছাড়া আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ও এসআরবির সদস্যরাও নিরাপত্তার কাজে নিয়োজিত রয়েছেন।
বুধবার বিকেল ৪টার দিকে ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে প্রতিমা নিয়ে বিজয়া শোভাযাত্রা শুরু হয়। শঙ্খনাদ, উলুধ্বনি ও ঢাকের বাদ্যের তালে শোভাযাত্রায় অংশ নেন ভক্তরা। শোভাযাত্রাটি জগন্নাথ হল, দোয়েল চত্বর, গুলিস্তান মোড়, নবাবপুর রোড ও রায়সাহেব বাজার হয়ে ওয়াইজঘাটে পৌঁছায়।
তবে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের মূল প্রতিমাটি বিসর্জন দেওয়া হয় না। মন্দিরের ঐতিহ্য অনুযায়ী, পরবর্তী বছরের পূজার জন্য প্রতিমাটি সংরক্ষণ করা হয়। এবার প্রতীকী বিসর্জনের অংশ হিসেবে সপ্তমীর দিন প্রতিষ্ঠা করা কলাবউ বা কলাগাছটি বিসর্জন দেওয়ার কথা রয়েছে।
এ বছর ঢাকা মহানগরে ২৫৮টি মণ্ডপসহ সারা দেশে মোট ৩৩ হাজার ৮৫১টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে। প্রতিমা বিসর্জনের জন্য বুড়িগঙ্গা ও তুরাগ নদের মোট ১১টি ঘাট নির্ধারণ করা হয়েছে।
বুধবার পলাশী মোড়ে প্রতিমা বিসর্জনের প্রস্তুতি পরিদর্শনকালে ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (অপারেশন) মো. শহীদুল্লাহ বলেন, রাজধানীতে এবার সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থার মধ্যে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
তিনি আশা প্রকাশ করেন, বিসর্জনের বাকি কার্যক্রমও নির্বিঘ্নে সম্পন্ন হবে। কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হলে তা মোকাবিলায় পুলিশের প্রস্তুতি রয়েছে বলেও জানান তিনি।