
ঢাকা মহানগর উত্তর বিএনপির দুই সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। নতুন কমিটির আহ্বায়ক করা হয়েছে শফিকুল ইসলাম খান মিল্টনকে। সদস্যসচিবের দায়িত্ব পেয়েছেন এস এম জাহাঙ্গীর হোসেন।
রোববার (১ নভেম্বর) বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা মহানগর উত্তর বিএনপির দুই সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়েছে। আগামী দুই সপ্তাহের মধ্যে এ কমিটিকে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।
সবশেষ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৫ আসনে বিএনপির প্রার্থী ছিলেন শফিকুল ইসলাম খান মিল্টন। ওই নির্বাচনে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের কাছে ১ হাজার ৬১৪ ভোটের ব্যবধানে পরাজিত হন তিনি। নির্বাচনের পর ফেব্রুয়ারিতে বিএনপি সরকার তাকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ দেয়।
এর আগে শফিকুল ইসলাম খান মিল্টন জাতীয়তাবাদী যুবদলের সহসভাপতি এবং ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।