
সংরক্ষিত নারী আসন-২৩-এ বিএনপির মনোনয়ন পাওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন সাবেক ছাত্রদল নেত্রী ফাহমিদা মজিদ ঊষা। শূন্য হওয়া আসনটিতে তাকে মনোনয়ন দেওয়ার বিষয়টি দলের নীতিনির্ধারণী পর্যায়ে আলোচনার শীর্ষে রয়েছে বলে বিএনপির একাধিক দায়িত্বশীল সূত্র জানিয়েছে।
এ আসনে দলীয় মনোনয়ন পেতে আবেদন করেছিলেন ৬৮ জন নারী। মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন ৭০ জন। আবেদনকারীদের সাক্ষাৎকারও শেষ করেছে বিএনপি। গত ১৯ অক্টোবর সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত সাক্ষাৎকারে উপস্থিত ছিলেন দলের চেয়ারম্যান তারেক রহমান।
দলীয় সূত্র জানায়, আসনটি শূন্য হওয়ার পর ত্যাগী, সক্রিয় ও তরুণ নেতৃত্বকে সুযোগ দেওয়ার বিষয়ে নীতিনির্ধারণী পর্যায়ে আলোচনা হয়। সার্বিক বিবেচনায় মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে সাবেক ছাত্রদল নেত্রী ফাহমিদা মজিদ ঊষার নাম গুরুত্বের সঙ্গে আলোচনায় আসছে। তার বাবা এম এ মজিদ ঢাকা সিটি করপোরেশনের কমিশনার ছিলেন।
মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনাকে কেন্দ্র করে ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগের পর আসনটি শূন্য হয়। গত ২৪ সেপ্টেম্বর মধ্যরাতে স্বাস্থ্যকেন্দ্রটিতে হামলার ঘটনা ঘটে।
এশিয়া পোস্টের প্রতিবেদনে বলা হয়, মুখোশধারী দুই শতাধিক ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে স্বাস্থ্যকেন্দ্রটিতে প্রবেশ করে নিরাপত্তাকর্মীদের জিম্মি করেন। পরে ওষুধ, টিকা, চিকিৎসা সরঞ্জামসহ বিভিন্ন মালামাল লুট করা হয়। ভারী যন্ত্রপাতি দিয়ে স্থাপনাটিও গুঁড়িয়ে দেওয়া হয়। সমমনা দোকানদার সমবায় সমিতির ব্যানারে এ হামলা চালানো হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
ঘটনার পর প্রধানমন্ত্রীর কার্যালয়ের উচ্চপর্যায়ের সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়, প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশনা দেন। এরপর তিনি সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে গিয়ে হাফিজ উদ্দিন আহমদের কাছে পদত্যাগপত্র জমা দেন। পরে নির্বাচন কমিশন সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১২ নভেম্বর এ আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।