
টানা ছুটি শেষে আজ সোমবার (২৬ অক্টোবর) থেকে দেশের সরকারি-বেসরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় এবং মাদরাসায় যথারীতি ক্লাস শুরু হচ্ছে। তবে কলেজগুলোর ছুটি চলবে আরও কয়েক দিন। আগামী ১ নভেম্বর থেকে এসব শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান শুরু হবে।
শিক্ষা মন্ত্রণালয় সূত্র ও শিক্ষাপ্রতিষ্ঠানের বার্ষিক ছুটির তালিকা অনুযায়ী, দুর্গাপূজা, বিজয়া দশমী, লক্ষ্মীপূজা এবং সরকারের নির্বাহী আদেশে ঘোষিত ছুটি উপলক্ষে গত ১৮ অক্টোবর থেকে বিদ্যালয় ও মাদরাসাগুলোতে ছুটি শুরু হয়। এর আগে ১৬ ও ১৭ অক্টোবর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ ছিল।
গত ২২ অক্টোবর পর্যন্ত নির্ধারিত ছুটি শেষ হলেও ২৩ ও ২৪ অক্টোবর সাপ্তাহিক ছুটি এবং ২৫ অক্টোবর লক্ষ্মীপূজার ছুটি থাকায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ ছিল। ফলে শিক্ষক-শিক্ষার্থীরা টানা ছুটি কাটানোর সুযোগ পেয়েছেন।
অন্যদিকে, সরকারি-বেসরকারি কলেজগুলোর ছুটি আরও দীর্ঘ। বার্ষিক ছুটির তালিকা অনুযায়ী, দুর্গাপূজা, বিজয়া দশমী, প্রবারণা পূর্ণিমা ও লক্ষ্মীপূজা উপলক্ষে গত ১৮ অক্টোবর থেকে কলেজগুলোতে ছুটি শুরু হয়েছে। এ ছুটি ২৯ অক্টোবর পর্যন্ত চলবে। ছুটি শেষে আগামী ১ নভেম্বর থেকে কলেজগুলোতে নিয়মিত ক্লাস শুরু হওয়ার কথা রয়েছে।