
রাজধানী ঢাকার পূর্বাঞ্চলের বড় একটি এলাকা এবং চট্টগ্রামের কিছু অংশে হঠাৎ বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর ১২টা ৪৩ মিনিটে একযোগে এসব এলাকায় বিদ্যুৎ বিপর্যয় ঘটে।
বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়া ঢাকার এলাকাগুলোর মধ্যে রয়েছে ভুলতা, হরিপুর, সিদ্ধিরগঞ্জ, গুলশান, রামপুরা, উলন ও মতিঝিল। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিদ্যুৎ বিপর্যয়ের সুনির্দিষ্ট কারণ জানা যায়নি।
জাতীয় গ্রিড পরিচালনাকারী সংস্থা পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি জানিয়েছে, বিদ্যুৎ সরবরাহ দ্রুত স্বাভাবিক করতে প্রকৌশলীরা কাজ করছেন। ধাপে ধাপে বিভিন্ন এলাকায় বিদ্যুৎ পুনঃসংযোগ দেওয়ার প্রক্রিয়া চলছে।
সংস্থাটির বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, দেশের জাতীয় বিদ্যুৎ গ্রিড ন্যাশনাল লোড ডেসপাচ সেন্টারের (এনএলডিসি) পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। আকস্মিক এ বিপর্যয়ের পরও দেশের উত্তরাঞ্চলসহ অন্যান্য এলাকায় বিদ্যুৎ সরবরাহ সচল ও স্বাভাবিক রয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।