
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের পর প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে পদ থেকে সরানোর বিষয়টি বিবেচনা করছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ নিয়ে উপদেষ্টাদের সঙ্গে আলোচনা করছেন তিনি। মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ একাধিক সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবারের নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের পর হেগসেথকে নিয়ে হোয়াইট হাউসে আলোচনা শুরু হয়। ইরানের যুদ্ধ পরিচালনা নিয়ে পরামর্শ দেওয়ার কারণে সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের ওপরও নির্বাচনে পরাজয়ের দায় চাপতে পারে বলে আশঙ্কা করছেন হোয়াইট হাউসের কর্মকর্তারা।
এমন কর্মকর্তাদের মধ্যে রয়েছেন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার এবং জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন।
সিবিএস নিউজের প্রতিবেদনে আরও বলা হয়েছে, হেগসেথের সম্ভাব্য উত্তরসূরি হিসেবে ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিসের নাম আলোচনায় এসেছে। সূত্রগুলোর ধারণা, গভর্নর হিসেবে তাঁর মেয়াদ আগামী ৫ জানুয়ারি শেষ হওয়ার আগেই অন্তর্বর্তী সময়ে মার্কিন সিনেটের অনুমোদন পাওয়ার প্রক্রিয়া সম্পন্ন হতে পারে।
তবে বুধবার সাংবাদিকদের কাছে প্রতিরক্ষামন্ত্রী পরিবর্তনের বিষয়টি বিবেচনা করার কথা অস্বীকার করেছেন ট্রাম্প। তিনি বলেন, পিট হেগসেথ ‘খুব ভালো কাজ করছেন’।
এদিকে হোয়াইট হাউসের মুখপাত্র আনা কেলি জানিয়েছেন, প্রতিরক্ষামন্ত্রী হেগসেথের ওপর প্রেসিডেন্টের ‘পূর্ণ আস্থা’ রয়েছে।
সূত্র: আল-জাজিরা