
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনীতে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ ও নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীদের মিছিল থেকে গ্রামীণ ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার (২০ নভেম্বর) বেলা পৌনে তিনটার দিকে চৌমুহনী কাছারি বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বেলা পৌনে তিনটার দিকে যুবলীগ ও ছাত্রলীগের একদল নেতা-কর্মী চৌমুহনী পূর্ব বাজারের কাছারি বাড়ি মসজিদের সামনে প্ল্যাকার্ড হাতে জড়ো হন। পরে সেখান থেকে একটি মিছিল বের করেন তাঁরা। মিছিলটি চৌমুহনী বাজারের বড় পোল হয়ে নাপিতের পোল এলাকা প্রদক্ষিণ করে।
মিছিল চলাকালে নাপিতের পোল এলাকায় গ্রামীণ ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ের সামনে গিয়ে নেতা-কর্মীরা ভবনের প্রধান দরজায় পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন। এ সময় কার্যালয়ের দুটি জানালার কাচও ভাঙচুর করা হয়। সেখানে প্রায় পাঁচ মিনিট অবস্থানের পর তাঁরা ঘটনাস্থল ত্যাগ করেন।
পরে ব্যাংকের ভেতরে থাকা কর্মচারীরা বাইরে এসে আগুন নিভিয়ে ফেলেন। এ ঘটনায় কেউ হতাহত হননি। তবে কার্যালয়ের দরজা, ফটক ও দুটি জানালা ক্ষতিগ্রস্ত হয়েছে।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান জানান, নিষিদ্ধ সংগঠনের নেতা-কর্মীরা মিছিল থেকে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও ততক্ষণে হামলাকারীরা পালিয়ে যান।
তিনি আরও জানান, ঘটনার ভিডিও ও ছবি সংগ্রহ করা হয়েছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের অভিযান শুরু হয়েছে। ব্যাংক কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।