1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
সর্বশেষঃ
শেনঝেনে একসঙ্গে শি, ট্রাম্প ও পুতিন, আলোচনায় ‘ঐতিহাসিক করমর্দন’ শ্রমিক অসন্তোষে সাভার-আশুলিয়া ও গাজীপুরের ২০১ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের কূটনৈতিক আলোচনা চলার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলা মহাখালীর সাততলা বস্তিতে আগুন, ঘর হারিয়েছে শতাধিক পরিবার মিরপুরে ডিএনসিসি প্রশাসক মিল্টনের কার্যালয়ে হামলা, ভাঙচুর রাশিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ১৭ আরোহীর সবাই নিহত ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে রাতভর নাশকতা, টুঙ্গিপাড়ায় থানা ও এমপির বাড়িতে আগুন ওয়াশিংটনে ‘ডার্টি বোমা’ হামলার পরিকল্পনা করছে ইরান, দাবি মার্কিন গোয়েন্দাদের পল্লবীতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন, সন্দেহভাজন একজন আটক

মহাখালীর সাততলা বস্তিতে আগুন, ঘর হারিয়েছে শতাধিক পরিবার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে অগ্নিকাণ্ডে ঘর হারিয়েছে শতাধিক পরিবার। বুধবার সকালে লাগা আগুন ফায়ার সার্ভিসের আটটি ইউনিটের প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে। তবে আগুন পুরোপুরি নির্বাপণ ও ড্যাম্পিংয়ের কাজ শেষ করতে সারাদিন লাগতে পারে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

আগুন নিয়ন্ত্রণে আসার পর ঘটনাস্থলের কাছে সংবাদ ব্রিফিংয়ে ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মো. মাহমুদুল হাসান জানান, সকাল ১০টা ১০ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। আগুনের ভয়াবহতা বিবেচনায় পরে আরও ইউনিট পাঠানো হয়। মোট আটটি ইউনিটের প্রচেষ্টায় বেলা ১১টা ১৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

তিনি বলেন, আগুন এখন নিয়ন্ত্রণে রয়েছে এবং নতুন করে ছড়িয়ে পড়ার আশঙ্কা নেই। তবে পুরোপুরি নির্বাপণ ও ড্যাম্পিংয়ের কাজ শেষ করতে সারাদিন সময় লাগতে পারে।

অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নির্ধারণ করা সম্ভব হয়নি জানিয়ে মাহমুদুল হাসান বলেন, এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হবে। আগুন নেভানোর পর তদন্তের মাধ্যমে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা হবে।

তিনি আরও জানান, সাততলা বস্তিতে মূলত নিম্ন আয়ের মানুষের বসবাস। আগুনে সেখানকার টিনশেড ও আধাপাকা ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিক হিসাবে, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকায় শতাধিক পরিবার বসবাস করত।

হতাহতের বিষয়ে ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, এখন পর্যন্ত হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। আগুন নেভানোর পর পুরো এলাকায় তল্লাশি চালানো হবে। এরপরই হতাহতের বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।

সাততলা বস্তিতে এর আগেও একাধিকবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ২০১২, ২০১৫, ২০১৬, ২০২০, ২০২১ ও ২০২৫ সালেও সেখানে আগুনে বহু ঘরবাড়ি পুড়ে যায়।

বিভিন্ন সময়ে অগ্নিকাণ্ডের সম্ভাব্য কারণ হিসেবে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কথা উঠে এসেছে। বস্তির ঘরগুলোতে নিম্নমানের ও ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক তার ব্যবহারের কারণে শর্ট সার্কিটের আশঙ্কা থাকে। পাশাপাশি ঘনবসতিপূর্ণ এলাকায় বাঁশ, কাঠ, টিন ও প্লাস্টিকের মতো দাহ্য উপকরণে তৈরি ঘরবাড়ির কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়তে পারে।

রান্নার কাজে ঝুঁকিপূর্ণ গ্যাস সিলিন্ডারের ব্যবহার এবং অবৈধ গ্যাস লাইনের লিকেজ থেকেও অগ্নিকাণ্ডের ঝুঁকি তৈরি হয়। এ ছাড়া বস্তির ভেতরের সরু রাস্তা এবং আশপাশের সড়কের যানজটের কারণে ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পৌঁছানো ও আগুন নেভানোর কাজে বাধার সৃষ্টি হতে পারে।

বিভিন্ন সময়ে জায়গা দখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উদ্দেশ্যমূলকভাবে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগও উঠেছে স্থানীয়দের একাংশের পক্ষ থেকে। তবে এবারের অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ তদন্তের পর জানা যাবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page