1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
সর্বশেষঃ
রাশিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ১৭ আরোহীর সবাই নিহত ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে রাতভর নাশকতা, টুঙ্গিপাড়ায় থানা ও এমপির বাড়িতে আগুন ওয়াশিংটনে ‘ডার্টি বোমা’ হামলার পরিকল্পনা করছে ইরান, দাবি মার্কিন গোয়েন্দাদের পল্লবীতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন, সন্দেহভাজন একজন আটক সাংবাদিকের স্পর্শে আপত্তি পরীমণির, মাদক মামলার শুনানি ২৩ ডিসেম্বর পঞ্চগড়ে শীতের দাপট, দুই দিন সূর্যের দেখা নেই গাজীপুরে সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের পুরোনো বাড়িতে আগুন গোপালগঞ্জে সংসদ সদস্য জিলানীর পৈতৃক বাড়িতে আগুন, থানায় ভাঙচুর সাতক্ষীরায় পরিবেশবান্ধব ও বিকল্প জীবিকায়নে দু’দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন বিশ্বনেতাদের আগমন ঘিরে শেনজেনে কঠোর বিধিনিষেধ, ভোগান্তিতে নগরবাসী

ওয়াশিংটনে ‘ডার্টি বোমা’ হামলার পরিকল্পনা করছে ইরান, দাবি মার্কিন গোয়েন্দাদের

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে কথিত ‘ডার্টি বোমা’ বা রাসায়নিক অস্ত্র ব্যবহার করে ট্রাম্প প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করার পরিকল্পনা করছে ইরান—এমন ইঙ্গিত পাওয়া গেছে বলে দাবি করেছেন কয়েকজন মার্কিন কর্মকর্তা। তবে ইরান এ ধরনের কোনো ষড়যন্ত্র বাস্তবায়ন করতে পারবে কি না কিংবা আদৌ হামলার চেষ্টা করবে কি না, তা নিয়ে মার্কিন কর্মকর্তাদের মধ্যে এখনো মতভেদ রয়েছে।

নতুন মার্কিন গোয়েন্দা তথ্যের বরাতে সাতজন মার্কিন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন বলে সিএনএনের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

গোয়েন্দা তথ্য সম্পর্কে অবগত কয়েকটি সূত্রের মতে, ইরানের এই পরিকল্পনাকে আসন্ন হামলার নিশ্চিত ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে না। বরং সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় বিকল্প প্রস্তুত রাখার চেষ্টা হিসেবে বিবেচনা করা হচ্ছে। তবে দুটি সূত্র দাবি করেছে, যুক্তরাষ্ট্রের হাতে আসা তথ্য বেশ সুনির্দিষ্ট। এতে সম্ভাব্য হামলার স্থান ও লক্ষ্যবস্তুর উল্লেখ রয়েছে। এ কারণে দেশটির অভ্যন্তরে সতর্কতামূলক প্রস্তুতি শুরু হয়েছে।

হোয়াইট হাউসের মুখপাত্র লরেন বিস এক বিবৃতিতে বলেছেন, যুক্তরাষ্ট্র সম্ভাব্য সব ধরনের হুমকির ওপর নজর রাখছে। তবে এই মুহূর্তে দেশের অভ্যন্তরে কোনো বিশ্বাসযোগ্য হুমকি নেই।

মার্কিন কর্মকর্তারা গোয়েন্দা তথ্যটিকে ইরানের পক্ষ থেকে সংঘাত আরও বাড়ানোর উদ্বেগজনক প্রবণতা হিসেবে দেখছেন। বর্তমানে মার্কিন সামরিক হামলা ও কঠোর অর্থনৈতিক অবরোধের চাপে রয়েছে ইরান। ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের ভাষ্যমতে, এই অবরোধ দেশটিকে ‘ধ্বংস’ করে দিচ্ছে।

সূত্রগুলোর দাবি, তেহরান হামলার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে—এমন কোনো প্রমাণ এখনো পাওয়া যায়নি। তবে মার্কিন ভূখণ্ডে সম্ভাব্য হামলার বিষয়ে ইরান সক্রিয়ভাবে পরিকল্পনা করছে বলে গোয়েন্দা তথ্য পাওয়া গেছে। এ পরিকল্পনা বাস্তবায়নের মতো পর্যাপ্ত লোকবল দেশটিতে আগে থেকেই রয়েছে কি না, তা নিয়েও কর্মকর্তাদের মধ্যে বিতর্ক রয়েছে।

সংঘাত অবসানে কূটনৈতিক আলোচনায় অনিশ্চয়তার মধ্যে গত সপ্তাহে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন, যুদ্ধ ‘খুব শিগগিরই’ শেষ হয়ে যাবে। তবে নতুন হুমকি মোকাবিলায় মার্কিন প্রশাসনের পর্দার আড়ালের তৎপরতা সংঘাতের অনিশ্চয়তা আরও স্পষ্ট করেছে।

দুটি সূত্র জানিয়েছে, ইরানের সম্ভাব্য হুমকি মোকাবিলায় গত এক সপ্তাহে মার্কিন কর্মকর্তারা একাধিক বৈঠক করেছেন। একটি সূত্র এ পরিকল্পনাকে ‘বিচক্ষণ’ বলে অভিহিত করেছে। ইরানের পক্ষ থেকে হুমকির আশঙ্কায় গত সপ্তাহে মার্কিন গোয়েন্দা সংস্থার উদ্যোগে বাণিজ্যমন্ত্রী স্কট বেসেন্টকে সামরিক আবাসনে সরিয়ে নেওয়া হয় বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

মঙ্গলবার সিএনএনের প্রতিবেদনের বিষয়ে জানতে চাইলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরান যদি ওয়াশিংটনে হামলা চালায়, তবে তাদের ‘এমন মূল্য দিতে হবে, যা আগে কোনো দেশকে কখনো দিতে হয়নি’। তিনি আরও বলেন, প্রশাসন বিষয়টি ‘গুরুত্বের সঙ্গে’ নিচ্ছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের প্রথম মেয়াদ থেকেই বর্তমান ও সাবেক মার্কিন কর্মকর্তাদের লক্ষ্য করে ইরানের ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে। এসব পরিকল্পনার মধ্যে বিদেশ সফরের সময় মার্কিন কর্মকর্তাদের হত্যার সুযোগ খোঁজার বিষয়ও ছিল। ২০২৪ সালে ট্রাম্পকে ভাড়াটে খুনি দিয়ে হত্যার পরিকল্পনার অভিযোগও রয়েছে।

মার্কিন কর্মকর্তারা সতর্ক করেছেন, অপ্রচলিত অস্ত্রের হামলার ক্ষেত্রে দেশটি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। ‘ডার্টি বোমা’ হলো এমন এক ধরনের বিস্ফোরক, যাতে প্রচলিত বোমার সঙ্গে তেজস্ক্রিয় পদার্থ যুক্ত করা হয়। পারমাণবিক বোমার মতো এতে নিউক্লিয়ার বিক্রিয়া ঘটে না। তবে বিস্ফোরণের মাধ্যমে আশপাশের এলাকায় তেজস্ক্রিয় পদার্থ ছড়িয়ে পড়তে পারে।

বিশেষজ্ঞদের মতে, এ ধরনের বোমা তৈরি করা তুলনামূলক সহজ হলেও তেজস্ক্রিয় পদার্থ সংগ্রহ করাই বড় চ্যালেঞ্জ। এতে প্রাণহানি ঘটলে তা মূলত বিস্ফোরণের কারণে হতে পারে; তেজস্ক্রিয়তার প্রভাব দীর্ঘমেয়াদে স্বাস্থ্যঝুঁকি ও পরিবেশগত ক্ষতি তৈরি করতে পারে। এ ধরনের অস্ত্রের প্রধান উদ্দেশ্য নিখুঁতভাবে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত করা নয়, বরং আতঙ্ক সৃষ্টি এবং কোনো এলাকাকে দূষিত করে ফেলা।

গোয়েন্দা তথ্য সম্পর্কে অবগত একটি সূত্র জানিয়েছে, মার্কিন গোয়েন্দারা ইরানের কিছু গোপন বার্তা বা কথোপকথন শনাক্ত করেছেন। সেখানে যুক্তরাষ্ট্রের ভেতরে বোমা তৈরির সরঞ্জাম লুকিয়ে রাখার দাবি করা হয়েছে। তবে এসব তথ্যের বিশ্বাসযোগ্যতা নিয়ে কর্মকর্তাদের মধ্যে মতভেদ রয়েছে।

তবে কয়েকজন কর্মকর্তা মনে করেন, ইরানের পক্ষে যুক্তরাষ্ট্রের ভেতরে আগে থেকেই তেজস্ক্রিয় বা রাসায়নিক উপাদান মজুত করে রাখা অসম্ভব নয়। তাঁদের ধারণা, এসব উপাদান সাধারণ বিস্ফোরকের সঙ্গে যুক্ত করে ব্যবহার করা হতে পারে। গোয়েন্দা তথ্যের সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্রের দাবি, যুক্তরাষ্ট্রের সীমান্ত নিরাপত্তার অতীত দুর্বলতার সুযোগ নিয়ে এ ধরনের উপাদান বা বোমার যন্ত্রাংশ দেশটির ভেতরে রাখা সম্ভব হয়েছে।

আরেকটি সূত্র জানিয়েছে, জাতীয় নিরাপত্তা কর্মকর্তাদের কেউ কেউ মনে করেন, আগে থেকে মজুত করে রাখা তেজস্ক্রিয় পদার্থ কয়েক বছর, এমনকি কয়েক দশক ধরেও যুক্তরাষ্ট্রের ভেতরে থাকতে পারে। তাঁদের মতে, ইরানের এ ধরনের হামলার সক্ষমতা নতুন করে বাড়েনি; বরং পরিবর্তন হয়েছে হামলা চালানোর সম্ভাব্য উদ্দেশ্য বা তাগিদে।

তবে নিউইয়র্কে জাতিসংঘে ইরানি মিশনের এক মুখপাত্র এ অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। এক বিবৃতিতে তিনি বলেন, ইরান যেকোনো পরিস্থিতিতে রাসায়নিক অস্ত্রের ব্যবহারকে সম্পূর্ণ অবৈধ মনে করে এবং এ বিষয়ে ছড়ানো মিথ্যা ও বানোয়াট অভিযোগ পুরোপুরি প্রত্যাখ্যান করছে। তবে সম্ভাব্য ডার্টি বোমা হামলার পরিকল্পনা নিয়ে তিনি সরাসরি কোনো মন্তব্য করেননি।

মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, যারা যুদ্ধ শুরু করেছে, তারা আরও আগ্রাসন ও নৃশংসতা চালানোর বৈধতা তৈরির চেষ্টা করছে।

এদিকে যুক্তরাষ্ট্রের জন্য সম্ভাব্য ষড়যন্ত্র আগেভাগে শনাক্ত করাও বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। বিদেশিদের যোগাযোগের ওপর নজরদারির অনুমতি দেওয়া একটি গুরুত্বপূর্ণ আইন গত জুনে মেয়াদোত্তীর্ণ হয়েছে। ওই সময় হোয়াইট হাউস ও কংগ্রেসের মধ্যে মতবিরোধের কারণে আইনটির নবায়ন আটকে যায়। তবে জুনের আগে অনুমোদিত নজরদারি আদেশগুলো ২০২৭ সালের মার্চ পর্যন্ত কার্যকর থাকবে।

জাতীয় নিরাপত্তা কর্মকর্তারা সতর্ক করেছেন, কংগ্রেস প্রয়োজনীয় পদক্ষেপ না নিলে ষড়যন্ত্র শনাক্ত করার অন্যতম কার্যকর হাতিয়ার হারাতে পারে যুক্তরাষ্ট্র। গত সপ্তাহে কংগ্রেসের উভয় কক্ষের রিপাবলিকান ও ডেমোক্র্যাট নেতাদের কাছে পাঠানো এক চিঠিতে অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চ, জাতীয় গোয়েন্দা পরিচালক জে ক্লেটন এবং সিআইএ পরিচালক জন র‍্যাটক্লিফ আইনটি পুনরায় অনুমোদনের আহ্বান জানান। তাঁদের যুক্তি, আইন নবায়নে বিলম্ব হলে উচ্চতর হুমকির এই সময়ে মার্কিন নাগরিক ও বিদেশে অবস্থানরত সেনাদের জীবন ঝুঁকির মুখে পড়তে পারে।

চিঠি পাঠানোর কয়েক দিন আগে কংগ্রেসের চার শীর্ষ নেতা এবং হাউস ও সিনেটের গোয়েন্দা কমিটির উভয় দলের নেতাদের নিয়ে গঠিত ‘গ্যাং অব এইট’-কে ইরান সম্পর্কে গোয়েন্দা ব্রিফিং দেওয়া হয়েছিল। তবে ওই ব্রিফিংয়ে ওয়াশিংটনে ডার্টি বোমা বা রাসায়নিক অস্ত্র ব্যবহারের নির্দিষ্ট হুমকি নিয়ে আলোচনা হয়েছিল কি না, তা স্পষ্ট নয়।

দুই মার্কিন কর্মকর্তার মতে, ইরান মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন সেনাদের বিরুদ্ধেও রাসায়নিক অস্ত্র ব্যবহারের পরিকল্পনা করতে পারে—এমন আরেকটি গোয়েন্দা তথ্যের ওপর নজর রাখছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এর আগে দ্য নিউইয়র্ক টাইমসও এ ধরনের উদ্বেগের খবর প্রকাশ করেছিল। কয়েকজন কর্মকর্তা জানিয়েছেন, এ ধরনের হামলা থেকে সুরক্ষার জন্য মার্কিন সেনাদের পর্যাপ্ত সরঞ্জাম ও প্রশিক্ষণ নেই।

সিএনএনের সঙ্গে কথা বলা একটি সূত্র জানিয়েছে, এ আশঙ্কায় মধ্যপ্রাচ্যে নিয়োজিত কূটনৈতিক ও গোয়েন্দা কর্মীদের জন্য প্রয়োজনীয় সুরক্ষাসামগ্রী ও প্রশিক্ষণ নিশ্চিত করতে আলাদা জরুরি পরিকল্পনা নেওয়া হয়েছে।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হরমুজ প্রণালি ঘিরে চলমান সংঘাতের মধ্যেই নতুন এই গোয়েন্দা তথ্য সামনে এসেছে। মার্কিন অবরোধ তুলে নেওয়া, প্রণালি খুলে দেওয়া এবং শত্রুতা বন্ধের লক্ষ্যে দুই দেশের মধ্যে কূটনৈতিক আলোচনা চললেও এখন পর্যন্ত কোনো সমাধান আসেনি।

আঞ্চলিক একটি সূত্রের মতে, যেকোনো চুক্তিতে পৌঁছানোর ক্ষেত্রে আগামী কয়েক সপ্তাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময়ে কিছু পক্ষ পরিস্থিতি আরও জটিল করে তুলতে পারে। বিশেষ করে ইরানের কট্টরপন্থী বা শাসকগোষ্ঠীর নিয়ন্ত্রণের বাইরে থাকা অংশগুলোর ওপর নজর রাখার প্রয়োজন রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তাদের কেউ কেউ সংঘাত অব্যাহত রাখতে হামলা চালাতে উৎসাহিত হতে পারে।

এক মার্কিন কর্মকর্তা বলেছেন, ইরান ভালো করেই জানে, মধ্যপ্রাচ্যে কিংবা যুক্তরাষ্ট্রে এ ধরনের অস্ত্র ব্যবহার করলে দেশটিকে ভয়াবহ পাল্টা আঘাতের মুখে পড়তে হতে পারে। তবে ইরানি নেতারা যদি মনে করেন, তাঁদের শাসনব্যবস্থার অস্তিত্বই হুমকির মুখে, তাহলে তাঁরা এমন ঝুঁকি নেওয়ার সিদ্ধান্তও নিতে পারেন।

সূত্র: সিএনএন

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page