
স্থায়ীভাবে যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত থাকলেও আবারও পাল্টাপাল্টি হামলায় জড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। মঙ্গলবার বাহরাইনে একটি মার্কিন সামরিক রাডারব্যবস্থায় হামলার দাবি করে ইরান। এর পরপরই হরমুজ প্রণালির কেশম দ্বীপে ইরানের একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকেন্দ্রে পাল্টা হামলা চালায় যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান।
প্রায় নয় মাস ধরে চলা এই যুদ্ধের অবসানে ওমান ও কাতারের মধ্যস্থতায় তেহরানের সঙ্গে আলোচনা চলছে। এমন পরিস্থিতিতে নতুন করে সামরিক হামলার ঘটনা যুদ্ধবিরতি প্রতিষ্ঠার প্রচেষ্টাকে আরও জটিল করে তুলেছে।
যুদ্ধের প্রভাবে মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা বেড়েছে। একই সঙ্গে বিশ্ববাজারে জ্বালানির দাম বৃদ্ধি এবং যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতিতেও এর প্রভাব পড়েছে। মার্কিন ভোটারদের মধ্যে যুদ্ধ নিয়ে অসন্তোষ তৈরি হয়েছে, যার প্রভাব পড়েছে সদ্য সমাপ্ত নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনেও।
মার্কিন সামরিক সূত্র ও আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী, বাহরাইনের শেখ ইসা সামরিক ঘাঁটিতে থাকা মার্কিন রাডারব্যবস্থায় হামলার দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। তবে বাহরাইন জানিয়েছে, তারা হামলাটি সফলভাবে প্রতিহত করেছে। এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি বলেও দেশটির পক্ষ থেকে জানানো হয়েছে।
এর জবাবে মার্কিন যুদ্ধবিমান কেশম দ্বীপে আইআরজিসির একটি স্থাপনায় হামলা চালায়। তবে ইরানি সংবাদমাধ্যমগুলোর দাবি, ওই হামলায় তাদের কোনো অবকাঠামোগত ক্ষতি হয়নি।
সামরিক উত্তেজনার মধ্যেও কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে। কাতারের মুখপাত্র মাজেদ আল আনসারি জানিয়েছেন, দুই দেশের অবস্থানের মধ্যে সমন্বয় এবং মতপার্থক্য কমানোর লক্ষ্যে মঙ্গলবার কাতার ও ইরানের কর্মকর্তাদের মধ্যে বৈঠক হয়েছে।
অন্যদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ওমান সফর করে দেশটির পররাষ্ট্রমন্ত্রী এবং সুলতান হাইথাম বিন তারিকের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে সামুদ্রিক নৌপথের নিরাপত্তা, বিশ্ববাণিজ্য নির্বিঘ্ন রাখা এবং সামরিক উত্তেজনা কমানোর বিষয়ে আলোচনা হয়।
হরমুজ প্রণালির দুই তীরে অবস্থিত ওমান ও ইরানের মধ্যে এই কূটনৈতিক যোগাযোগকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। বিশ্বের মোট জ্বালানি তেলের প্রায় এক-পঞ্চমাংশ এই প্রণালি দিয়ে পরিবাহিত হয়। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মধ্য দিয়ে শুরু হওয়া যুদ্ধের পর তেহরান গুরুত্বপূর্ণ এই জলপথে চলাচল সীমিত করে রেখেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ফলে যুদ্ধ বন্ধে কূটনৈতিক আলোচনা চললেও হরমুজ প্রণালির নিরাপত্তা, জ্বালানি সরবরাহ এবং আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে উদ্বেগ কাটছে না।