1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
সর্বশেষঃ
৩১ ডিসেম্বর পর্যন্ত নোট-গাইড বই ছাপা ও বাঁধাই বন্ধের নির্দেশ গুগল ড্রাইভ ছাড়াই ফোনের ছবি ও ফাইল কম্পিউটারে সংরক্ষণের উপায় জয়পুরহাটের নান্দাইল দীঘিতে ধারণ করা হলো ‘ইত্যাদি’র নতুন পর্ব সোমবার প্রকাশ হচ্ছে এইচএসসি পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফল রূপগঞ্জে সাংবাদিককে মামলা দিয়ে হয়রানি ও বাড়িতে হামলার হুমকির অভিযোগ তারেক রহমানের জন্মদিনে নোয়াখালীতে এতিম শিশুদের মাঝে শীতবস্ত্র ও শিক্ষা উপকরণ বিতরণ পুলিশের দুই অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি, নতুন কর্মস্থল গোপালগঞ্জ ও চুয়াডাঙ্গা শ্রম অসন্তোষে ৩১৭ পোশাক কারখানার ক্ষতি ৫ হাজার ১৩৬ কোটি টাকা হাজারীবাগে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, নারী নিহত; দগ্ধ ২ ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম

নড়াইলে দুই বিএনপি নেতা হত্যার জেরে আওয়ামী লীগ নেতাদের বাড়িঘরে হামলা-আগুন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

নড়াইলের কালিয়া উপজেলায় কৃষক দল ও জাসাসের দুই নেতা হত্যার ঘটনাকে কেন্দ্র করে সাবেক সংসদ সদস্য বি এম কবিরুল হক মুক্তিসহ আওয়ামী লীগের নেতা-কর্মীদের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার (২০ নভেম্বর) বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত উপজেলার বেন্দারচর গ্রামে এসব ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দাবি, ঘটনাস্থলে গিয়ে তারা ২০ থেকে ৩০টি বাড়িতে আগুন জ্বলতে দেখেছে।

এর আগে গত বুধবার কালিয়ায় বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রায় হামলার ঘটনায় উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক সোহেল রানা ও পৌর কৃষক দলের সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম নিহত হন। এ হত্যাকাণ্ডের পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

বেন্দারচর গ্রামের ভুক্তভোগীদের অভিযোগ, দুই নেতার হত্যার জেরে শুক্রবার বিকেলে বিএনপির লোকজন সাবেক সংসদ সদস্য কবিরুল হক মুক্তি, সাবেক পৌর মেয়র মুশফিকুর রহমানসহ আওয়ামী লীগের নেতা-কর্মীদের প্রায় ৫০টি বাড়িঘর ও দোকানপাটে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ করেন।

এ ছাড়া বড় কালিয়া এলাকায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কৃষ্ণপদ ঘোষের বাড়িতেও হামলা ও আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। তবে এসব অভিযোগ অস্বীকার করে কালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স ম ওয়াহিদুজ্জামান দাবি করেছেন, অভিযোগগুলো সম্পূর্ণ ভিত্তিহীন ও কাল্পনিক।

কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিন্নাতুল ইসলাম জানান, সাবেক সংসদ সদস্য ও কৃষ্ণপদ ঘোষের বাড়িসহ ১৫ থেকে ২০টি ঘর ভাঙচুর এবং পাঁচ থেকে ছয়টি ঘরে অগ্নিসংযোগের বিষয়ে তাঁরা নিশ্চিত হয়েছেন। তবে এসব ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। হামলা ও অগ্নিসংযোগে কারা জড়িত, তা তদন্ত করা হচ্ছে।

কালিয়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা হুমায়ুন কবির জানান, শুক্রবার বিকেল ৪টার দিকে আগুন লাগার খবর পাওয়া যায়। তবে প্রতিবন্ধকতা ও নিরাপত্তাহীনতার কারণে ফায়ার সার্ভিসের কর্মীরা রাত ৮টার দিকে ঘটনাস্থলে পৌঁছান। সেখানে গিয়ে তাঁরা ২০ থেকে ৩০টি বাড়িতে আগুন দেখতে পান।

এদিকে, বেন্দারচর গ্রামে হিন্দুধর্মাবলম্বীদের বাড়িঘরে হামলার তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে বক্তব্য দিয়েছে নড়াইল জেলা পুলিশ। এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, ওই এলাকায় কোনো হিন্দু বসতি নেই। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোর কিছু পুরোনো এবং কিছু কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি। এসব ভিডিও ছড়িয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে বলেও দাবি পুলিশের।

নড়াইলের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আল মামুন শিকদার জানান, নিহত দুই নেতার বিক্ষুব্ধ স্বজন ও সমর্থকেরা কয়েকটি বাড়িতে হামলা চালিয়েছেন। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page