
জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত প্রাণহানির ঘটনায় প্রকৃত অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনা এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। সংগঠনটির মতে, বিচার ও রাজনৈতিক মীমাংসার উদ্যোগ না নিলে জাতীয় রাজনীতি রাষ্ট্রের জন্য দীর্ঘমেয়াদি ঝুঁকির কারণ হয়ে উঠতে পারে।
শনিবার (২৮ নভেম্বর) প্রকাশিত এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়। বিবৃতিতে বলা হয়েছে, বিচার, রাজনৈতিক মীমাংসা ও গণতান্ত্রিক সহিষ্ণুতার সমন্বয় নিশ্চিত করাই বর্তমানে বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ। জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করার পাশাপাশি বিবদমান রাজনৈতিক পক্ষগুলোর মধ্যে সমঝোতা প্রতিষ্ঠা না হলে ভবিষ্যতে সংঘাতের আশঙ্কা থেকেই যাবে।
বিবৃতিতে বলা হয়, দেশে নির্বাচিত সরকার থাকলেও গণতান্ত্রিক সহিষ্ণুতার পরিবেশ এখনো গড়ে ওঠেনি। নির্বাহী আদেশে একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ রাখা, ঢালাও মামলা, গ্রেপ্তার-বাণিজ্যের অভিযোগ এবং দল নিষিদ্ধ করতে সংবিধান সংশোধনের হুমকি রাজনৈতিক পরিস্থিতিকে ঝুঁকিপূর্ণ করে তুলছে।
অন্যদিকে, জুলাইয়ের অপরাধের জন্য ক্ষমা না চেয়ে নিষিদ্ধ রাজনৈতিক দলটির পক্ষ থেকে সহিংসতা, অগ্নিসংযোগ ও সন্ত্রাসের পথ বেছে নেওয়ার বিষয়েও উদ্বেগ প্রকাশ করেছে সংগঠনটি।
বিবৃতিতে আরও অভিযোগ করা হয়, বিগত অন্তর্বর্তী সরকারের সময় থেকে আওয়ামী লীগ আমলের মতো ‘ট্যাগিং’ ও ‘মব’ সংস্কৃতির পুনরাবৃত্তি ঘটছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের রাজনৈতিক পরিচয়ে চিহ্নিত করে লাঞ্ছিত করা, তালিকা তৈরি, শ্রেণিকক্ষে অবাঞ্ছিত ঘোষণা এবং দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার ঘটনা ঘটছে বলে দাবি করা হয়।
এ ছাড়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রেজওয়ানা করিম স্নিগ্ধা ও অধ্যাপক আনিছা পারভীন জলীর বিরুদ্ধে সাইবার আক্রমণ ও হয়রানির নিন্দা জানানো হয়েছে। অধ্যাপক আনু মুহাম্মদ, সামিনা লুৎফা, গীতি আরা নাসরীন, কামরুল হাসান মামুন, তানজীমউদ্দীন খান, কাজলী শেহরীন ইসলাম ও আ-আল মামুনসহ বিভিন্ন শিক্ষক ও নাগরিকের বিরুদ্ধে সাইবার আক্রমণ, হুমকি ও লাঞ্ছনারও প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি।
বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের মতে, সংঘাত, মামলা, হামলা ও রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে হয়রানির চর্চা কোনো সমাধান হতে পারে না। দেশের স্থিতিশীলতা ও শান্তি প্রতিষ্ঠায় জুলাইয়ের ঘটনার দ্রুত ও ন্যায়বিচার, সব পক্ষের মধ্যে রাজনৈতিক মীমাংসা এবং গণতান্ত্রিক সহিষ্ণুতা নিশ্চিত করার কার্যকর উদ্যোগ প্রয়োজন।