
রাজধানীর হাতিরঝিল এলাকায় আবারও ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের কার্যালয়ে গুলির ঘটনা ঘটেছে। শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় ডিএল নেটওয়ার্ক সার্ভিস নামে একটি প্রতিষ্ঠানের অফিসে ঢুকে এক রাউন্ড গুলি ছোড়ে দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।
পুলিশের তথ্য অনুযায়ী, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মাথায় ক্যাপ ও মুখে মুখোশ পরা কয়েকজন দুর্বৃত্ত ডিএল নেটওয়ার্ক সার্ভিসের কার্যালয়ে প্রবেশ করে। সেখানে তারা এক রাউন্ড গুলি ছোড়ে। গুলিটি অফিসে থাকা একটি ল্যাপটপ ভেদ করে দেয়ালে গিয়ে লাগে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান জানান, দুর্বৃত্তরা প্রতিষ্ঠানের কার্যালয়ে প্রবেশ করে এক রাউন্ড গুলি ছুড়েছে। তবে কী কারণে এ ঘটনা ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
উল্লেখ্য, এর আগে গত ১৫ নভেম্বর সন্ধ্যায় হাতিরঝিল থানার ওয়াপদা রোডে স্পিড স্টার ইন্টারনেট অ্যান্ড টেকনোলজির কার্যালয়ে একই ধরনের গুলির ঘটনা ঘটে। সেদিন ওই প্রতিষ্ঠানের কার্যালয়ে ঢুকে দুই কর্মচারীকে গুলি করে দুর্বৃত্তরা।
একই এলাকায় স্বল্প সময়ের ব্যবধানে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের কার্যালয়ে একাধিক গুলির ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।