
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় একের পর এক অগ্নিসংযোগ ও সহিংসতার ঘটনা ঘটেছে। শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যা থেকে দিবাগত রাত ২টা পর্যন্ত প্রায় সাত ঘণ্টার ব্যবধানে অন্তত ১১টি স্থানে যানবাহন, দোকান, ইউনিয়ন পরিষদ কার্যালয় ও রাজনৈতিক নেতার বাড়িতে আগুন দেওয়ার খবর পাওয়া গেছে। আগুন দেওয়া হয়েছে পুলিশের বিশেষ নিরাপত্তা ইউনিটের একটি গাড়িতেও। ধারাবাহিক এসব ঘটনায় সংশ্লিষ্ট এলাকাগুলোতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের তথ্য অনুযায়ী, শনিবার সন্ধ্যা ৭টা ৩৮ মিনিট থেকে রাত ২টা ১৫ মিনিট পর্যন্ত রাজধানী ঢাকায় তিনটি এবং ঢাকার বাইরে আটটি স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কয়েকটি স্থানে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনলেও রাজবাড়ীর পাংশায় উত্তেজিত জনতার বাধার কারণে ফায়ার সার্ভিস কর্মীদের ঘটনাস্থলে পৌঁছাতে বিলম্ব হয়।
ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, রাজধানীর মিরপুরে দুটি এবং দৈনিক বাংলা মোড়ে একটি বাসে আগুন দেওয়া হয়েছে। এ ছাড়া সাভার, ধামরাই, রাজবাড়ী, নেত্রকোনা, চট্টগ্রাম, সিলেট ও কুমিল্লায় অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে।
শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর মিরপুর-১০ নম্বর গোলচত্বরে ‘ইতিহাস পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে মিরপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে বাসটির আসনসহ ভেতরের অংশ পুড়ে যায়। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এর প্রায় সাড়ে তিন ঘণ্টা পর রাত ১১টার দিকে মিরপুর-১৪ নম্বর এলাকায় টিনশেড ভবনের বিপরীতে সড়কের পাশে পার্ক করে রাখা কিশোরগঞ্জগামী ‘চামড়া বন্দর এক্সপ্রেস’ পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। ঢাকা মেট্রো-ব-১৩-০৯২৪ নম্বরের বাসটিতে লাগা আগুন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে নিয়ন্ত্রণে আনে।
এর আধা ঘণ্টা পর রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর দৈনিক বাংলা মোড়ে গাবতলী-সায়েদাবাদ রুটে চলাচলকারী ৮ নম্বর পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট রাত ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এসব ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।
এর আগে শনিবার ভোর সাড়ে ৪টার দিকে রাজধানীর মোহাম্মদপুরের বসিলা সড়কে এসআরবি-২ সদর দপ্তরের পাশে পুলিশের বিশেষ নিরাপত্তা ইউনিট এসপিবিএনের ওয়ার্কশপের সামনে রাখা দুটি অকেজো গাড়ির একটিতে আগুন দেওয়া হয়।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অগ্নিসংযোগে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এদিকে, রাজনৈতিক উত্তেজনার মধ্যে শনিবার সন্ধ্যায় সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার কামালবাজার ইউনিয়নের ধরগাঁও গ্রামে সিলেট-৩ আসনের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিবের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে।
তাঁর স্বজন ও স্থানীয় সূত্রের দাবি, ১৫০ থেকে ২০০ জনের একটি দল বাড়িতে ঢুকে ড্রয়িংরুম ভাঙচুর করে এবং বাড়ির সামনের অংশে আগুন ধরিয়ে দেয়। এ সময় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে হামলাকারীদের পাল্টাপাল্টি ধাওয়া হয়। কয়েকটি মোটরসাইকেলেও আগুন দেওয়ার ঘটনা ঘটে।
একই দিন ভোরে সিলেট-৩ আসনের বর্তমান সংসদ সদস্য এম এ মালিকের বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনার জেরে সাবেক সংসদ সদস্যের বাড়িতে হামলা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
তবে সাবেক সংসদ সদস্যের বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ অস্বীকার করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মো. আফজাল হোসেন। তিনি জানান, বর্তমান সংসদ সদস্যের বাড়িতে পেট্রলবোমা হামলার প্রতিবাদে বিএনপি ও স্থানীয় লোকজন বিক্ষোভ মিছিল বের করেন। ওই মিছিলে হামলা ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। তবে সাবেক সংসদ সদস্যের বাড়িতে আগুন দেওয়ার কোনো ঘটনা ঘটেনি।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, শনিবার রাত ১টা ৯ মিনিটে রাজবাড়ীর পাংশা উপজেলার মোরাত ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অগ্নিকাণ্ডের খবর পাওয়া যায়। তবে উত্তেজিত জনতার বাধার কারণে প্রথমে ফায়ার সার্ভিস কর্মীরা সেখানে পৌঁছাতে পারেননি। পরে পুলিশি নিরাপত্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সহযোগিতায় রাত ১টা ২০ মিনিটে তাঁরা ঘটনাস্থলে পৌঁছান। এর আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলেন।
এ ছাড়া নেত্রকোনার পূর্বধলা উপজেলার বাদে পুঁটিকি বাজারে একটি দোকানে এবং চট্টগ্রামের আনোয়ারা উপজেলার হাইলধর এলাকার মালঘর বাজারে সহিংসতার জেরে আরেকটি দোকানে আগুন দেওয়ার ঘটনা ঘটে।
কুমিল্লার চৌদ্দগ্রামের দোয়েল চত্বর এলাকায় দুটি মোটরসাইকেলে আগুন দেওয়া হলে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে তা নির্বাপণ করেন। এ ছাড়া সাভার ও ধামরাইয়েও অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে।
একই রাতে দেশের বিভিন্ন স্থানে যানবাহন, সরকারি স্থাপনা, ব্যবসাপ্রতিষ্ঠান ও রাজনৈতিক নেতাদের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঘটনার পেছনের কারণ ও জড়িতদের শনাক্তে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের বিষয়টি এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।