বর্ষাতেও জমজমাট রাজধানীর কনসার্ট অঙ্গন, ৯ দিনে ৬ বড় আয়োজন
বিনোদন ডেস্ক
প্রকাশিত:
শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
একসময় বর্ষা এলেই ঢাকার কনসার্ট অঙ্গন অনেকটাই থমকে যেত। কাদা, বৃষ্টি আর ভেন্যু সংকটে বড় আয়োজন করা ছিল কঠিন। তবে সেই চিত্র এখন বদলে গেছে। অন্তর্বর্তী সরকারের সময় ভেন্যুর সংকট ও অনুমতির জটিলতায় টানা দুই বছর কনসার্ট আয়োজন কমে গেলেও এবার আবারও প্রাণ ফিরে পাচ্ছে রাজধানীর সংগীতাঙ্গন।
২৪ জুলাই থেকে ১ আগস্ট—মাত্র ৯ দিনের ব্যবধানে ঢাকার বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হতে যাচ্ছে ছয়টি বড় কনসার্ট, যেখানে দেশি-বিদেশি শিল্পীদের পরিবেশনায় মাতবেন সংগীতপ্রেমীরা।
আতিফ আসলামের ‘মেইন স্টেজ’
আজ শুক্রবার (২৪ জুলাই) রাজধানীর ৩০০ ফিটসংলগ্ন ক্রিকেটার্স একাডেমিতে অনুষ্ঠিত হচ্ছে বহুল প্রতীক্ষিত ‘মেইন স্টেজ ফিচারিং আতিফ আসলাম’। বিকেল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত চলা এই আয়োজনে পাকিস্তানের জনপ্রিয় শিল্পী আতিফ আসলাম-এর পাশাপাশি মঞ্চে উঠবে বাংলাদেশের ব্যান্ড মেঘদল ও লেভেল ফাইভ।
গত বছরের ১৩ ডিসেম্বর কনসার্টটি হওয়ার কথা থাকলেও নিরাপত্তাজনিত কারণে তা স্থগিত হয়েছিল। এবার প্রয়োজনীয় সব অনুমতি নিয়ে আয়োজনটি অনুষ্ঠিত হচ্ছে।
রুনা লায়লার সম্মাননা ও বিশেষ পরিবেশনা
আজ সন্ধ্যা সাড়ে ৬টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে সম্মাননা জানানো হবে কিংবদন্তি শিল্পী রুনা লায়লাকে।
সম্মাননা গ্রহণের পর দর্শকদের জন্য নিজের পছন্দের ১০টি গান পরিবেশন করবেন তিনি। এবারই প্রথম সাধারণ দর্শক টিকিট কিনে অনুষ্ঠানটি উপভোগ করতে পারবেন। টিকিটের মূল্য রাখা হয়েছে ২ হাজার, ৩ হাজার ও ৫ হাজার টাকা। টিকিট বিক্রির অর্থ বন্যাদুর্গতদের সহায়তায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দেওয়া হবে বলে জানিয়েছে আয়োজকরা।
‘মেলোডি মোজাইক’
আগামী ৩০ জুলাই রাজধানীর ইয়ামাহা ফ্ল্যাগশিপ সেন্টারে অনুষ্ঠিত হবে ‘মেলোডি মোজাইক’।
সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হওয়া এ আয়োজনে গান পরিবেশন করবেন শুভেন্দু দাশ শুভ ও সানজিদা মাহমুদ নন্দিতা। কনসার্টের টিকিটের মূল্য রাখা হয়েছে ২ হাজার টাকা।
একই দিনে দুই ট্রিবিউট কনসার্ট
৩১ জুলাই রাজধানীতে অনুষ্ঠিত হবে দুটি ভিন্নধর্মী ট্রিবিউট কনসার্ট।
বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে হবে ‘মাইকেল জ্যাকসন ট্রিবিউট’। আয়োজন করছে ওয়ারফেজ। টিকিটের মূল্য ১ হাজার ৫০০, ২ হাজার ও ৫ হাজার টাকা।
অন্যদিকে বনানীর বাটারনোট ক্যাফেতে অনুষ্ঠিত হবে ‘একদিন বৃষ্টিতে বিকেলে…’, যা উৎসর্গ করা হয়েছে জনপ্রিয় গায়ক-গীতিকার অঞ্জন দত্তকে। এতে অংশ নেবেন জয় শাহরিয়ার, আহমেদ হাসান সানি ও শুভ্র। টিকিটের মূল্য ৭০০ টাকা, আর স্পট টিকিট ১ হাজার টাকা।
ঢাকায় অনুপম রায়ের ‘ওয়ান ট্রু সাউন্ড’
আগামী ১ আগস্ট রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে ভারতের জনপ্রিয় শিল্পী অনুপম রায়ের বহুল প্রতীক্ষিত ‘ওয়ান ট্রু সাউন্ড’ কনসার্ট।
মূলত ২৬ জুন অনুষ্ঠানটি হওয়ার কথা থাকলেও অনিবার্য কারণে স্থগিত করা হয়েছিল। নতুন তারিখ ঘোষণা করা হলেও টিকিটের মূল্য এখনো প্রকাশ করেননি আয়োজকরা।
বর্ষার মৌসুমে টানা ৯ দিনে ৬টি বড় আয়োজন রাজধানীর সংগীতপ্রেমীদের জন্য তৈরি করেছে নতুন উচ্ছ্বাস। দেশি-বিদেশি শিল্পীদের অংশগ্রহণে আবারও প্রাণ ফিরে পাচ্ছে ঢাকার কনসার্ট অঙ্গন।