
সাইবার অপরাধ দমন, ডিজিটাল নিরাপত্তা জোরদার এবং প্রযুক্তিনির্ভর তদন্ত সক্ষমতা বাড়াতে বাংলাদেশ পুলিশের অধীনে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে বিশেষায়িত ও স্বতন্ত্র ‘সাইবার পুলিশ ইউনিট’। বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে রাজধানীর পুলিশ সদর দপ্তরে ইউনিটটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
নতুন এই ইউনিটের নেতৃত্বে থাকছেন অতিরিক্ত আইজিপি মো. ইকবাল হোসেন। অনুমোদিত সাংগঠনিক কাঠামো অনুযায়ী ইউনিটটির মোট জনবল নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ৫৯২ জন। বিদ্যমান পুলিশ বাহিনী থেকে অভিজ্ঞ ও প্রশিক্ষিত সদস্যদের পাশাপাশি নতুন নিয়োগের মাধ্যমে পর্যায়ক্রমে এ জনবল পূরণ করা হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বিভাগীয় পর্যায়ে ডিআইজি ও অতিরিক্ত ডিআইজি এবং জেলা পর্যায়ে পুলিশ সুপার বা দায়িত্বপ্রাপ্ত জ্যেষ্ঠ কর্মকর্তারা সাইবার পুলিশিং কার্যক্রম তদারক করবেন। থানাপর্যায়ে সাইবার অপরাধসংক্রান্ত সেবা ও তদন্তের জন্য পৃথক উপপরিদর্শক, সহকারী উপপরিদর্শক ও কনস্টেবল পদায়নের ব্যবস্থাও রাখা হয়েছে।
সাইবার অপরাধের ধরন দ্রুত পরিবর্তিত হওয়া এবং কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়ার প্রেক্ষাপটে আধুনিক প্রযুক্তি ও দক্ষতাভিত্তিক এই ইউনিট গড়ে তোলা হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। ইউনিটে প্রযুক্তিনির্ভর তদন্ত ও অপরাধ বিশ্লেষণের জন্য বিভিন্ন ধরনের বিশেষজ্ঞ জনবল যুক্ত করার পরিকল্পনাও রয়েছে। এর মধ্যে সাইবার নিরাপত্তা, আর্থিক তথ্য বিশ্লেষণ, ম্যালওয়্যার, সামাজিক যোগাযোগমাধ্যম, ক্রিপ্টোকারেন্সি ও ডার্ক ওয়েব বিশ্লেষণের মতো বিষয়ে দক্ষ জনবল রাখার কথা বলা হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, প্রযুক্তির দ্রুত বিকাশের সঙ্গে সাইবার অপরাধের ধরনও পরিবর্তিত হচ্ছে। তাই প্রচলিত পদ্ধতির পাশাপাশি আধুনিক প্রযুক্তি ও প্রয়োজনীয় সরঞ্জাম ব্যবহার করে এসব অপরাধ মোকাবিলা করতে হবে। এ লক্ষ্যে ইউনিটটিকে প্রয়োজনীয় প্রযুক্তিগত সরঞ্জাম ও সক্ষমতা দিয়ে গড়ে তোলা হবে।
তিনি বলেন, সাইবার আইন বা সাইবার পুলিশ ইউনিটের কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে কোনো গণমাধ্যম যেন অযথা ভোগান্তির শিকার না হয়, সে বিষয়েও নজর রাখা হবে।
আইজিপি মো. আলী হোসেন ফকিরের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। নতুন এই ইউনিটের মাধ্যমে সাইবার অপরাধ মোকাবিলা, ডিজিটাল নিরাপত্তা এবং প্রযুক্তিনির্ভর তদন্তে পুলিশের সক্ষমতা আরও বাড়বে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।