
এক দিনের সরকারি সফরে ফেনীতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে জেলার পরশুরাম ও ফুলগাজীতে নির্ধারিত বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে তিনি ফেনীতে আসেন। দুপুর সোয়া ১টার দিকে প্রধানমন্ত্রী ফেনীতে পৌঁছান। এ সময় সড়কের দুই পাশে উপস্থিত নেতাকর্মীরা তাকে স্বাগত জানান।
ফেনীতে পৌঁছে প্রধানমন্ত্রী পরশুরামের উদ্দেশে রওনা হন। সফরসূচি অনুযায়ী, দুপুরে ঘাটঘর-মুহুরী ব্রিজ এলাকায় ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (প্রথম পর্যায়)’ প্রকল্পের উদ্বোধন এবং শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে অংশ নেন তিনি।
পরশুরামের কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী ফুলগাজী উপজেলার বেগম খালেদা জিয়া মহিলা কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে। এরপর ফুলগাজী জেলা পরিষদ ডাকবাংলোয় স্থাপিত রুফটপ সোলার ব্যবস্থা থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করবেন তিনি। সেখানে কিছু সময় বিশ্রাম নেওয়ারও কথা রয়েছে।
পরে বিকেল ৩টার দিকে ফুলগাজী সরকারি পাইলট হাই স্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী। সেখানে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণের পাশাপাশি মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেমসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের সম্মান প্রদানের কর্মসূচি রয়েছে।
দিনব্যাপী কর্মসূচি শেষে বিকেল ৫টার দিকে সড়কপথে ফেনী থেকে ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সফরসূচি অনুযায়ী, রাতে তার ঢাকায় ফেরার কথা রয়েছে।