‘দ্য ব্যাডস অব বলিউড’ সিনেমার ‘গফুর’ গানে নেচে আলোচনায় এসেছেন তামান্না ভাটিয়া। এর আগে ‘আজ কি রাত’ ও ‘কাবালা’র মতো আইটেম গানে পারফর্ম করেও নজর কাড়েন তিনি। নাচের পাশাপাশি অভিনয়েও সমানভাবে প্রশংসিত এই অভিনেত্রী।
দক্ষিণী সিনেমার পাশাপাশি বলিউডেও নিজের অবস্থান তৈরি করেছেন তামান্না। বিশেষ করে লাস্ট স্টোরিজ-এ তার অভিনয় দর্শকদের দৃষ্টি কেড়েছিল। ওই সিনেমায় তাকে ঘনিষ্ঠ দৃশ্যে দেখা গেলেও সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, ক্যারিয়ারে তিনি খুব বেশি অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করেননি।
তামান্না বলেন, “আমার ক্যারিয়ারে তেমন কোনো অন্তরঙ্গ দৃশ্য করিনি, সামান্য কিছু হয়তো করেছি।” ইচ্ছাকৃতভাবেই এমন দৃশ্য থেকে দূরে থেকেছেন বলেও জানান তিনি। তার মতে, ইন্টারনেটের যুগে দর্শক নানা ধরনের কনটেন্ট দেখছেন, তাই একজন অভিনেত্রী হিসেবে ভয় বা দ্বিধা যেন তার অগ্রগতির পথে বাধা না হয়ে দাঁড়ায়।
তিনি বলেন, গল্পের প্রয়োজনে চুম্বন বা ঘনিষ্ঠ দৃশ্য থাকলে সেটিকে চিত্রনাট্যের অংশ হিসেবেই দেখা উচিত। সময়ের সঙ্গে চলচ্চিত্রকেও এগিয়ে যেতে হবে বলেও মনে করেন এই অভিনেত্রী।
অভিনয়ের পাশাপাশি নাচের জন্যও বড় অঙ্কের পারিশ্রমিক নেন তামান্না। গত বছরের শেষে গোয়ার এক সমুদ্রসৈকতে বর্ষবরণ অনুষ্ঠানে মাত্র ছয় মিনিটের নৃত্য পরিবেশনার জন্য তিনি ৬ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন বলে জানা গেছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়